জিয়াউর রহমানের হাত ধরেই জাতি নতুন স্বাধীনতা পেয়েছিল: রুহুল কবির রিজভী
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রদর্শিত আদর্শ ও ৭ নভেম্বরের চেতনাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। রাজশাহীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমেই এ দেশের মানুষ একনায়কতন্ত্রের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে নিরাপত্তার স্বাদ পেয়েছিল।
মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদল আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা। রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
বক্তব্যে তিনি বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত সময়কাল ছিল দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক অন্ধকার অধ্যায়। সে সময় একদলীয় বাকশাল শাসনের মাধ্যমে জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয় এবং সংবাদপত্রের কণ্ঠরোধ করা হয়। পরবর্তীতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর নানা রাজনৈতিক পটপরিবর্তন ও সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণ করেন এবং হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার করেন।
ছাত্র-জনতার সাম্প্রতিক আন্দোলনের বীর শহীদদের স্মরণ করে তিনি বলেন, আবু সাঈদ, মীর মুগ্ধ, ফাইয়াজ ও ওয়াসিম আকরামের মতো বীরদের আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। তাঁরা ন্যায়ের পক্ষে এবং দেশের স্বাধীনতা রক্ষায় জীবন দিয়ে ইতিহাসে অমর হয়ে উঠেছেন। এই আত্মত্যাগ প্রমাণ করে যে, বাংলাদেশ কোনো ফ্যাসিস্ট বা স্বৈরাচারী শাসনের অধীনে থাকতে পারে না।
বিগত শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি আরও অভিযোগ করেন, দেশের স্বাধীনতাকে দুর্বল করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর জুলুম চালিয়ে শেষ রক্ষা হয়নি, ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে সেই একনায়ক সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।
রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় এতে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুনসহ স্থানীয় ও পেশাজীবী নেতৃবৃন্দ।
১৩০ বার পড়া হয়েছে