সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ‘ভাব তরঙ্গ’: বাউল সাধক জালাল চিশতীর সুরে মাতল জয়নুল উদ্যান

আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ
আওলাদ হোসেন রুবেল, ময়মনসিংহ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ ১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অপসংস্কৃতি দূর করে নতুন প্রজন্মের কাছে দেশীয় শেকড়ের সংস্কৃতি পৌঁছে দিতে ময়মনসিংহের জয়নুল উদ্যানে অনুষ্ঠিত হয়েছে বাউল গানের বিশেষ আসর ‘ভাব তরঙ্গ’। ব্রহ্মপুত্র নদের তীরের এই আয়োজনে লোকজ বাউল সাধক পাগল জালাল শাহ চিশতীর সুরের মূর্ছনায় মুগ্ধ হন সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতারা। স্থানীয় ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’-এর উদ্যোগে আয়োজিত এই নিয়মিত আসরটি এখন ময়মনসিংহের সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

অপসংস্কৃতির প্রভাব থেকে বেরিয়ে দেশীয় সংস্কৃতি ও শেকড়ের সংগীত নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ আয়োজন করেছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’। ‘দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আমরা অঙ্গীকারবদ্ধ’—এই মূলমন্ত্র ধারণ করে সংগঠনটি নিয়মিতভাবে আয়োজন করছে বাউল গানের আসর।

সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া ‘ভাব তরঙ্গ’-এর জালাল চিশতী পর্বে পরিবেশিত হয় বাউল সাধক পাগল জালাল শাহ্ চিশতীর রচিত বিভিন্ন ঘরানার গান। দোতারা, একতারা ও বেহালার সুরের সঙ্গে শিল্পীদের খালি গলায় গাওয়া এসব গান উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে তৈরি করে এক আবেগঘন পরিবেশ।

আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ জানান, মাটির কাছাকাছি থেকে বাউল সাধকদের সহজ-সরল জীবনদর্শন ও মানবতার বাণী ছড়িয়ে দিতেই এ আয়োজন করা হচ্ছে। গত ১০ জুলাই লালনগীতি পরিবেশনের মধ্য দিয়ে ‘ভাব তরঙ্গ’-এর যাত্রা শুরু হয়। প্রতিটি পর্বে একজন নির্দিষ্ট বাউল সাধকের দর্শন ও তত্ত্বভিত্তিক গান পরিবেশন করা হয়। এরই ধারাবাহিকতায় এবার আয়োজন করা হয়েছে পাগল জালাল শাহ্ চিশতীকে নিয়ে বিশেষ পর্ব।

তিনি আরও বলেন, বাউল সাধকদের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার দর্শন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। আয়োজনটিতে আধুনিক যন্ত্রপাতি কিংবা কৃত্রিম আভিজাত্যের কোনো স্থান নেই। গ্রামীণ ও ঐতিহ্যবাহী পরিবেশ বজায় রাখতে শিল্পীরা ব্রহ্মপুত্র নদের তীরে মাটিতে বসেই গান পরিবেশন করেন।

ইমতিয়াজ আহমেদের ভাষ্য, ‘ভাব তরঙ্গ’-এর বিশেষত্ব হলো, প্রতিটি পর্বে আলাদা একজন বাউল সাধকের গান ও দর্শন তুলে ধরা হয়। এরই মধ্যে আয়োজনটি সচেতন সংস্কৃতিপ্রেমী মানুষের মধ্যে সাড়া ফেলেছে।

আগত দর্শক-শ্রোতারাও এই সহজিয়া লোকজ পরিবেশনা উপভোগ করছেন। বাউলদের কণ্ঠে ঐতিহ্যবাহী সুর ও বাদ্যযন্ত্রের মেলবন্ধন তাঁদের মুগ্ধ করছে। আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসাও করছেন তাঁরা।

জালাল চিশতী পর্বে বাউল সাধক পাগল জালাল শাহ্ চিশতী, বাউল মো. হাফিজ উদ্দিন, বাউল স্বদেশ তালুকদার, বাউল জাহিদ শাহ, সোহাগ সরকার, মো. ছাত্তার পাগলা, মো. সুজন পাগলা, দয়াল রবি ও মো. রাজু আহমেদসহ অন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

পাগল জালাল শাহ্ চিশতীর ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে রচিত ‘আরে ও ব্রহ্মপুত্রের পানি’ গান দিয়ে শিল্পীরা পরিবেশনা শুরু করেন। এরপর একে একে পরিবেশন করেন ‘ধোকাবাজি ধান্ধাবাজি’, ‘হায় খাজা গরীবে নেওয়াজ’, ‘ষট চক্র পঞ্চ আত্মা’ ও ‘বন্ধুয়ার পিরীতে’সহ তাঁর রচিত বিভিন্ন ঘরানার গান।

দেশীয় সংস্কৃতি, বাউল দর্শন ও লোকজ সংগীতের চর্চাকে এগিয়ে নিতে ‘ভাব তরঙ্গ’-এর এ আয়োজন নিয়মিত অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছেন আয়োজকেরা।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০