হোয়াটসঅ্যাপেই নিজের ছবি দিয়ে স্টিকার বানাবেন যেভাবে
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চ্যাটিং আরও আকর্ষণীয় করতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নিজের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্টিকার তৈরির সুবিধা। এর জন্য আলাদা কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না। সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই কয়েকটি ধাপে তৈরি করা যাবে পছন্দের স্টিকার।
জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যম হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের জন্য রয়েছে নানা ধরনের সুবিধা। এবার প্ল্যাটফর্মটির ভেতরেই নিজের ছবি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পছন্দমতো স্টিকার তৈরির সুযোগ পাওয়া যাচ্ছে। ফলে স্টিকার বানাতে অন্য কোনো অ্যাপের ওপর নির্ভর করতে হবে না।
হোয়াটসঅ্যাপের স্টিকার তৈরির সুবিধা ব্যবহার করে চ্যাটের মধ্যেই ছবি নির্বাচন, সম্পাদনা এবং স্টিকার হিসেবে পাঠানো সম্ভব। এ ছাড়া নিজের পছন্দের বর্ণনা দিয়েও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নতুন স্টিকার তৈরি করা যায়।
নিজের ছবি থেকে স্টিকার তৈরির পদ্ধতি
নিজের ছবি ব্যবহার করে স্টিকার তৈরি করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।
১. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে যেকোনো একটি চ্যাটে প্রবেশ করুন।
২. এরপর স্টিকার অপশনে গিয়ে ‘ক্রিয়েট’ বা পেন্সিল আইকনে ট্যাপ করুন।
৩. ফোনের গ্যালারি থেকে পছন্দের ছবি নির্বাচন করুন। চাইলে ক্যামেরা ব্যবহার করে নতুন ছবিও তুলতে পারবেন।
৪. ছবি নির্বাচনের পর সেটি সম্পাদনার সুযোগ পাবেন। ছবিতে লেখা যুক্ত করতে ‘টি’ অপশন, ইমোজি বসাতে ইমোজি অপশন এবং নিজের মতো করে আঁকতে বিভিন্ন সম্পাদনা সরঞ্জাম ব্যবহার করা যাবে।
৫. সম্পাদনা শেষ হলে সেন্ড অপশনে ট্যাপ করলেই তৈরি স্টিকারটি সংশ্লিষ্ট চ্যাটে পাঠানো হবে।
ছবি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে স্টিকার তৈরি
ফোনের গ্যালারিতে উপযুক্ত ছবি না থাকলেও স্টিকার তৈরি করা যাবে। এ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা ব্যবহার করতে হবে।
প্রথমে স্টিকার বিভাগে গিয়ে ‘ক্রিয়েট’ অপশন নির্বাচন করুন। এরপর ‘জেনারেটেড উইথ এআই’ অপশনে প্রবেশ করে কী ধরনের স্টিকার তৈরি করতে চান, তা লিখে বর্ণনা দিন।
আপনার দেওয়া বর্ণনার ভিত্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা একাধিক নকশার স্টিকার তৈরি করবে। সেখান থেকে পছন্দেরটি নির্বাচন করে চ্যাটে ব্যবহার করতে পারবেন।
পছন্দের স্টিকার দিয়ে তৈরি করুন নিজস্ব প্যাক
নিজের তৈরি একাধিক স্টিকার একসঙ্গে সংরক্ষণ ও সাজিয়ে রাখতে কাস্টম স্টিকার প্যাক তৈরি করা যায়। এ জন্য স্টিকার তৈরির প্যানেল থেকে পছন্দের স্টিকারগুলো নির্বাচন করতে হবে।
এরপর তিনটি ডটের মেনুতে ট্যাপ করে ‘অ্যাড টু স্টিকার প্যাক’ অপশন বেছে নিন। নতুন প্যাক তৈরি করতে ‘নিউ স্টিকার প্যাক’ নির্বাচন করে একটি নাম দিতে হবে। এরপর প্যাকটি হোয়াটসঅ্যাপের স্টিকার তালিকায় সংরক্ষিত থাকবে।
এ ছাড়া নতুন স্টিকার তৈরি হলে তা আগে থেকে থাকা কোনো কাস্টম প্যাকেও যুক্ত করা যাবে। এভাবে নিজের পছন্দ অনুযায়ী স্টিকার সাজিয়ে রেখে পরবর্তী সময়ে বিভিন্ন চ্যাটে ব্যবহার করা সম্ভব।
১৩৭ বার পড়া হয়েছে