২ হাজার ৭৬৯ কোটি টাকায় ৩০ নতুন ইঞ্জিন কিনছে রেলওয়ে
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৯:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে পণ্য পরিবহনে রেলওয়ের অংশগ্রহণ বাড়াতে এবং পুরোনো ইঞ্জিনের সংকট কাটাতে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ৩০টি নতুন মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন ইঞ্জিন যুক্ত হলে যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেন পরিচালনার সক্ষমতাও বাড়বে বলে আশা করছে রেলওয়ে।
‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পটির মূল উদ্দেশ্য মিটারগেজ রুটে ইঞ্জিনের ঘাটতি কমানো, মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন প্রতিস্থাপন এবং রেলপথে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা বাড়ানো। গত ৭ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮১১ কোটি ৩৮ লাখ টাকা। বাকি ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা ঋণ দেবে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। অর্থাৎ প্রকল্পের প্রায় ৭১ শতাংশ অর্থায়ন আসবে সংস্থাটির ঋণ থেকে।
২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রতিটি নতুন ইঞ্জিনের আনুমানিক মূল্য ধরা হয়েছে প্রায় ৬৯ কোটি টাকা। তবে কোন দেশ বা প্রতিষ্ঠানের কাছ থেকে ইঞ্জিন কেনা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সরবরাহকারী নির্বাচন করা হবে।
ইঞ্জিন কেনার পাশাপাশি সেগুলোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ, সরঞ্জাম ও বিশেষায়িত যন্ত্রপাতি সংগ্রহ করা হবে। এ ছাড়া রেলওয়ের প্রকৌশলী, সুপারভাইজার এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বাসসকে বলেন, রেলওয়ের পণ্য পরিবহন সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ প্রয়োজনীয় লোকোমোটিভের ঘাটতি। অনেক পুরোনো ইঞ্জিন দিয়ে এখনো ট্রেন পরিচালনা করতে হচ্ছে। নতুন ৩০টি মিটারগেজ লোকোমোটিভ যুক্ত হলে এ সংকট অনেকটাই কমবে। একই সঙ্গে বিদ্যমান রেলপথে ট্রেন পরিচালনার সক্ষমতা বাড়বে এবং যাত্রী ও পণ্য পরিবহনে উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সংস্থাটির বহরে মোট ২৯২টি লোকোমোটিভ রয়েছে। এর মধ্যে ১৬৪টি মিটারগেজ এবং ১২৮টি ব্রডগেজ। তবে মিটারগেজ ইঞ্জিনগুলোর বড় একটি অংশের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়েছে।
রেলওয়ের যান্ত্রিক বিধিমালা অনুযায়ী, একটি লোকোমোটিভের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ বছর। অথচ বর্তমানে ব্যবহৃত ১১৫টি মিটারগেজ লোকোমোটিভের আয়ুষ্কাল ইতিমধ্যে অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে ৬২টির বয়স ৪০ বছরের বেশি।
দীর্ঘদিন ব্যবহারের কারণে এসব ইঞ্জিনের কার্যক্ষমতা কমেছে। পুরোনো ইঞ্জিনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে বাজারে যন্ত্রাংশ না পাওয়ায় বিকল্প উপায়ে সেগুলো সংগ্রহ করতে হয়। এতে সময় ও ব্যয় দুটিই বাড়ে। কোনো ইঞ্জিন বিকল হলে মেরামত করে আবার চালু করতেও দীর্ঘ সময় লাগে। ফলে ট্রেন চলাচলের পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহন ব্যাহত হয়।
রেলওয়ের তথ্য অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ পণ্য পরিবহনের মাত্র ৩ থেকে ৪ শতাংশ হয় রেলপথে। অথচ তুলনামূলক কম খরচে দীর্ঘ দূরত্বে বিপুল পরিমাণ পণ্য পরিবহন এবং সড়কের ওপর চাপ কমানোর ক্ষেত্রে রেলওয়ের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
২০২০-২১ অর্থবছরে রেলপথে ৫৪ লাখ ৬৭ হাজার টন পণ্য পরিবহন করা হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৫৩ লাখ ৩৩ হাজার টনে। পরের অর্থবছর, অর্থাৎ ২০২২-২৩ সালে পণ্য পরিবহনের পরিমাণ আরও কমে হয় ৪৪ লাখ ১৪ হাজার ২০২ টন।
রেলপথে সাধারণত চাল, গম, সার, জ্বালানি তেল, পাথর, বালু, শিল্পকারখানার কাঁচামাল ও বিভিন্ন ধরনের কনটেইনার পরিবহন করা হয়। বিশেষ করে চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আমদানি করা পণ্য এবং শিল্পাঞ্চলে কাঁচামাল সরবরাহে রেলওয়ের ভূমিকা বাড়ানোর সুযোগ রয়েছে।
রেলপথমন্ত্রী মো. ফাহিমুল ইসলাম বাসসকে বলেন, সরকার রেলওয়েকে শুধু যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে দেখতে চায় না। দেশের পণ্য পরিবহন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রেলওয়ের অংশগ্রহণ বাড়ানোও সরকারের অন্যতম লক্ষ্য। সড়কপথের ওপর চাপ কমাতে এবং সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তুলতে রেলপথের সক্ষমতা বাড়ানো প্রয়োজন। নতুন লোকোমোটিভ সংগ্রহ সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
তবে শুধু ইঞ্জিন সংগ্রহ করলেই রেলপথে পণ্য পরিবহনের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হবে না। এ জন্য ওয়াগনের সংখ্যা বাড়ানো, পণ্য ওঠানো-নামানোর অবকাঠামো উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে রেল যোগাযোগ আরও কার্যকর করা প্রয়োজন।
রেলপথে পণ্য পরিবহন বাড়াতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। রেলপথমন্ত্রী জাতীয় সংসদে জানিয়েছেন, ঢাকা-চট্টগ্রামসহ দেশের প্রধান বাণিজ্যিক করিডোরগুলোতে ডাবল লাইনের সুবিধা কাজে লাগিয়ে আরও বেশি মালবাহী ট্রেন চালানোর উদ্যোগ রয়েছে।
পাশাপাশি নতুন ওয়াগন ও লোকোমোটিভ সংগ্রহ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক রেল যোগাযোগ সম্প্রসারণ, অভ্যন্তরীণ কনটেইনার ডিপো এবং লজিস্টিকস হাব নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে। চলমান বড় রেল প্রকল্পগুলোর বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
রেলওয়ে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, সংস্থাটির প্রয়োজন প্রায় ৭০ থেকে ৮০টি লোকোমোটিভ। সে তুলনায় বর্তমান প্রকল্পে ৩০টি ইঞ্জিন সংগ্রহ করা হচ্ছে। ফলে সামগ্রিক চাহিদা পূরণে ভবিষ্যতে আরও ইঞ্জিন সংগ্রহের প্রয়োজন হবে।
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বাসসকে বলেন, দেশের রেলওয়ে নেটওয়ার্কে বিশেষ করে মিটারগেজ লোকোমোটিভের উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। এ কারণে অনেক সময় বিদ্যমান সক্ষমতা অনুযায়ী ট্রেন পরিচালনা করা সম্ভব হয় না। সরকার পর্যায়ক্রমে নতুন লোকোমোটিভ সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
তিনি বলেন, ৩০টি নতুন মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের প্রকল্প বাস্তবায়িত হলে ইঞ্জিনের সংকট অনেকটা কমবে। পাশাপাশি পুরোনো ও মেয়াদোত্তীর্ণ ইঞ্জিনের ওপর নির্ভরতা কমিয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর রেল পরিবহনব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
রেল প্রতিমন্ত্রী আরও জানান, দীর্ঘ মেয়াদে দেশের রেল নেটওয়ার্ক আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এ কাজে সময় লাগবে। তাই রূপান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত বিদ্যমান মিটারগেজ নেটওয়ার্ক সচল রাখা এবং এর সক্ষমতা বাড়ানো জরুরি।
প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কারিগরি দক্ষতা বৃদ্ধি। আধুনিক ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ পরিচালনা ও রক্ষণাবেক্ষণে বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয়। এ কারণে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের মাধ্যমে স্থানীয় প্রকৌশলী ও রক্ষণাবেক্ষণকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের জন্য সার্ভিস ইঞ্জিনিয়ারের কারিগরি সহায়তাও পাওয়া যাবে।
এতে নতুন প্রযুক্তির সঙ্গে রেলওয়ের কর্মীদের পরিচিতি ও দক্ষতা বাড়বে। ইঞ্জিনের ত্রুটি শনাক্ত করা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ পরিবর্তনের কাজেও তাঁদের সক্ষমতা তৈরি হবে।
রেলওয়ের মাস্টারপ্ল্যান অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে দেশের মিটারগেজ রেললাইনগুলোকে ডুয়েলগেজে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। তবে এক মূল্যায়নে বলা হয়েছে, এ কার্যক্রম বিলম্বিত হলে ২০৫৫ থেকে ২০৬০ সাল পর্যন্তও দেশের বিভিন্ন রুটে মিটারগেজ ট্রেন চলাচল করতে পারে। তাই রূপান্তরের আগ পর্যন্ত মিটারগেজ ইঞ্জিন সংগ্রহের প্রয়োজনীয়তা থাকছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে রেলওয়ের কার্যক্রমে সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা মেটাতে নতুন ইঞ্জিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
১৫০ বার পড়া হয়েছে