সর্বশেষ

অর্থনীতি

প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বিধান আইনে পরিণত হচ্ছে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতি তিন মাসের পরিবর্তে প্রতি মাসে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার বিধান স্থায়ী করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন বিধান অনুযায়ী, সাধারণ নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, প্রত্যেক নিবন্ধিত, তালিকাভুক্ত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। তবে নির্ধারিত ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে।

সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে।

এ ছাড়া জনস্বার্থ বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদেশ জারির মাধ্যমে সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন জমার সময়সীমা বাড়াতে পারবে। ভ্যাট রিটার্নের সঙ্গে সম্পূরক শুল্ক পরিশোধের তথ্যও উল্লেখ করতে হবে।

নতুন আইনে ইলেকট্রনিক মাধ্যমে রিটার্ন জমার বিষয়েও বিধান রাখা হয়েছে। এনবিআর আদেশের মাধ্যমে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করতে পারবে।

মূলত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসের পরিবর্তে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস পরপর ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সুযোগ চালু করা হয়েছিল। তবে এ পদ্ধতিতে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হয়। এ পরিস্থিতিতে আগের মাসিক রিটার্ন জমার ব্যবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সরকার।

এ জন্য মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়। সংসদ অধিবেশন চলমান না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন।

এবার অধ্যাদেশটিকে আইনে রূপ দিতে মন্ত্রিসভা সংশ্লিষ্ট খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে এটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে উপস্থাপন করা হবে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০