সর্বশেষ

স্বাস্থ্য

ডায়াগনস্টিক পরীক্ষায় বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। অন্যদিকে, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য পাঠিয়ে ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এ ধরনের কমিশন লেনদেনের পরিমাণ বছরে প্রায় ১ হাজার ৮৬১ কোটি টাকা হতে পারে।

স্বাস্থ্য খাতে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার নানা চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫-২৬ সালের দ্বিবার্ষিক গবেষণা প্রতিবেদনে। প্রতিবেদনে সরকারি হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি, রোগীদের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে কমিশন গ্রহণ এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় অনিয়মের তথ্য তুলে ধরা হয়েছে।

গতকাল ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ১৯১ পৃষ্ঠার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। এতে কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্যও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কিছু চিকিৎসা সরঞ্জাম বাজারদরের তুলনায় ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনা হয়েছে।

বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক ডা. আহমেদ মুশতাক রাজা চৌধুরী এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। ১৭ জন গবেষকের লেখা ১১টি অধ্যায় নিয়ে তৈরি হয়েছে প্রতিবেদনটি। এতে সহায়তা করেছে সুইডেন দূতাবাস ও সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিডা)।

প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ডা. শামস এল আরেফিন বলেন, স্বাস্থ্য খাতে দুর্নীতির পেছনে রয়েছে দুর্বল সুশাসন, জবাবদিহি ছাড়া অতিরিক্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, স্বার্থের সংঘাত নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং তদারকিব্যবস্থার মধ্যে সমন্বয়ের অভাব। অনিয়মকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার প্রাতিষ্ঠানিক সংস্কৃতিও পরিস্থিতিকে আরও জটিল করছে। শুধু আইন প্রয়োগ নয়, সততাকে প্রাতিষ্ঠানিক সংস্কৃতির অংশ করে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, কোনো একজন ব্যক্তিকে শাস্তি দিলেই স্বাস্থ্য খাতের দুর্নীতি দূর হবে না। এ জন্য পুরো ব্যবস্থায় কাঠামোগত সংস্কার প্রয়োজন। আর্থিক অনিয়ম ও দরপত্র কারসাজির পাশাপাশি বিশেষ গোষ্ঠীর স্বার্থে নীতি ও কৌশল প্রভাবিত করাও দুর্নীতির অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেন তিনি।

সরকারি হাসপাতালে অনিয়ম ও চিকিৎসকদের অনুপস্থিতি

প্রতিবেদনে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীদের নানা ধরনের হয়রানি ও অনিয়মের শিকার হওয়ার তথ্য উঠে এসেছে। এর মধ্যে রয়েছে দালালের দৌরাত্ম্য, শয্যা বরাদ্দ ও ছাড়পত্র দেওয়ার বিনিময়ে অবৈধ অর্থ আদায় এবং রোগীদের বেসরকারি ক্লিনিকে পাঠানো।

একটি ঘটনায় অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দিয়ে এক বৃদ্ধ রোগীর কাছ থেকে হাসপাতালের এক ওয়ার্ডবয় পাঁচ হাজার টাকা নেন। অথচ সংশ্লিষ্ট ওয়ার্ডে অস্ত্রোপচারের কোনো ব্যবস্থাই ছিল না। এ ঘটনায় ওই কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে অন্যত্র বদলি করা হয়।

চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতির বিষয়েও উদ্বেগজনক তথ্য দিয়েছে গবেষণাটি। আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে পাওয়া যায়নি। পরবর্তী আরেকটি গবেষণায় প্রত্যন্ত অঞ্চলের কিছু স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতির হার ৭০ শতাংশের বেশি পাওয়া গেছে। দায়িত্ব পালন না করেও বেতন-ভাতা নেওয়া ‘ভুতুড়ে চিকিৎসকদের’ বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিয়োগ ও নিয়ন্ত্রক সংস্থায় রাজনৈতিক প্রভাব

স্বাস্থ্য খাতের ১ লাখ ৮০ হাজারের বেশি কর্মীর নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাজনৈতিক প্রভাব এবং কাগজনির্ভর ব্যবস্থাপনার দুর্বলতা চিহ্নিত করেছে গবেষণাটি। এ ক্ষেত্রে ২০২১ সালে ২ হাজার ৮৩৯ জন স্বাস্থ্যকর্মীর নিয়োগ বাতিলের ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা ও জবাবদিহি নিয়েও প্রশ্ন তুলেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) প্রায় ৯০ জন সদস্যের মধ্যে প্রায় ৭০ জনই সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। পর্যালোচনা করা ছয়টি নিয়ন্ত্রক সংস্থার কোনোটিতেই রোগী বা সাধারণ মানুষের কার্যকর প্রতিনিধিত্ব নেই।

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তিতেও দীর্ঘসূত্রতা রয়েছে। ২০১০ সাল থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত বিএমডিসিতে এ ধরনের ১৭২টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৭৯টি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। আর ২৯টি ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিকিৎসাশিক্ষার মান নিয়ন্ত্রণের বিষয়টিও প্রতিবেদনে গুরুত্ব পেয়েছে। ২০১০ সালে দেশে মেডিকেল কলেজের সংখ্যা ছিল ৬২টি। ২০২২-২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ১১৮টিতে। তবে কলেজের সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিয়ন্ত্রণ ও তদারকিব্যবস্থার সমানতালে উন্নতি হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুর্নীতি কমাতে যেসব সুপারিশ

স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি কমাতে বেশ কিছু সুপারিশ করেছে বাংলাদেশ হেলথ ওয়াচ। এর মধ্যে রয়েছে রোগীদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা চিকিৎসাপ্রতিষ্ঠানে পাঠানোর বিনিময়ে কমিশন গ্রহণ আইনত নিষিদ্ধ করা। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে চিকিৎসকদের আর্থিক সম্পর্ক প্রকাশ বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে।

চিকিৎসায় অবহেলার অভিযোগ নিষ্পত্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে আইনি কাঠামো তৈরির সুপারিশও রয়েছে। এ ছাড়া ডিজিটাল মানবসম্পদ তথ্যব্যবস্থা চালু এবং প্রত্যন্ত অঞ্চলে দায়িত্ব পালনকারী স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা দেওয়ার কথা বলা হয়েছে।

সরকারি কেনাকাটার সব তথ্য প্রকাশ, চিকিৎসা সরঞ্জাম কেনা থেকে শুরু করে ব্যবহার পর্যন্ত পুরো প্রক্রিয়ার ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং অনিয়মের তথ্য প্রকাশকারীদের সুরক্ষা দেওয়ার সুপারিশ করেছে সংস্থাটি।

নিয়ন্ত্রক সংস্থাগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে মন্ত্রী, সচিব ও সংসদ সদস্যদের এসব সংস্থার প্রধান হওয়ার সুযোগ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে রোগী ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং স্বাধীন আপিল ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০