সর্বশেষ

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়াবে না মার্কিন যুক্তরাষ্ট্র: ভ্যান্স

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৭:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি বা অনির্দিষ্টকালের কোনো যুদ্ধে জড়ানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও সংঘাত দীর্ঘায়িত করতে চান না বলে আশ্বাস দিয়েছেন তিনি। তবে উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি মার্কিন বিমানবাহী রণতরি পাঠানোর ঘটনায় অঞ্চলটিতে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপের বিষয়ে গত কয়েক মাসে একাধিকবার অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কখনো ইরানের ওপর নতুন করে হামলার নির্দেশ দিয়েছেন, আবার কখনো সংঘাত কার্যত শেষ হয়ে গেছে বলে দাবি করেছেন তিনি।

এর মধ্যে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ইরানের বিরুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জন করবে ট্রাম্প প্রশাসন। তবে সেই লক্ষ্য পূরণের জন্য যুক্তরাষ্ট্রকে অনির্দিষ্টকালের যুদ্ধে জড়িয়ে পড়তে দেওয়া হবে না।

ভ্যান্স আরও বলেন, গত ৪৭ বছর ধরেই যুক্তরাষ্ট্র ইরানকে মোকাবিলা করছে। গত সাত মাস ধরেও কোনো না কোনোভাবে এই সংঘাতের সঙ্গে জড়িত রয়েছে ওয়াশিংটন।

এর আগেও গত মে মাসে একই ধরনের অবস্থানের কথা জানিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার লক্ষ্য নিয়ে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অন্য একটি ব্রিফিংয়ে ভ্যান্স বলেছিলেন, বর্তমান পরিস্থিতিকে তিনি যুদ্ধ বলতে চান না। তবে সংঘাত শেষ করার জন্য কোনো কৃত্রিম সময়সীমাও নির্ধারণ করতে চান না।

ভ্যান্সের বক্তব্যের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের অবশ্য কিছুটা পার্থক্য রয়েছে। ট্রাম্প নিজেই ইরানের সঙ্গে চলমান সংঘাতকে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরি পাঠানোর সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একদিকে দীর্ঘমেয়াদি যুদ্ধে না জড়ানোর আশ্বাস দিচ্ছে ওয়াশিংটন, অন্যদিকে অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০