গাজায় বাড়িঘর ধ্বংসে ড্রোনে বিস্ফোরক ব্যবহার করছে ইসরাইল
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৭:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা ধ্বংস অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এবার এ ধ্বংসযজ্ঞে নতুন কৌশল ব্যবহার করছে দেশটির সেনারা। চার পাখার ড্রোনের সাহায্যে বিস্ফোরকভর্তি বাক্স আবাসিক ভবনের ছাদে বা আশপাশে ফেলে দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হচ্ছে। এতে একের পর এক ভবন ধসে পড়ার পাশাপাশি আশপাশের স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত প্রায় এক সপ্তাহ ধরে গাজার বিভিন্ন এলাকায় নতুন এই পদ্ধতিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরাইলি বাহিনী। কয়েক কেজি বিস্ফোরকভর্তি বাক্স ড্রোনের মাধ্যমে নির্দিষ্ট ভবনের ছাদে কিংবা আশপাশে ফেলে দেওয়া হচ্ছে। পরে দূর থেকে বিস্ফোরণ ঘটিয়ে লক্ষ্যবস্তু ভবন ধ্বংস করা হচ্ছে। এতে আশপাশের বাড়িঘর ও অন্যান্য স্থাপনাও ব্যাপক ক্ষতির মুখে পড়ছে।
গাজা সিটির পূর্বাঞ্চলের জেইতুন ও তুফফাহ, মধ্য গাজার দেইর আল-বালাহর পূর্বাংশ এবং বুরেইজ শরণার্থীশিবিরে এ ধরনের হামলার ঘটনা বেশি ঘটছে। বিশেষ করে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন ‘হলুদ রেখা’ বা ইয়েলো লাইনের কাছাকাছি এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
ফিলিস্তিনি অধিকারকর্মীদের ধারণ করা ভিডিওতেও ড্রোন থেকে বিস্ফোরকভর্তি বাক্স ফেলার দৃশ্য দেখা গেছে। পরে বিস্ফোরণে লক্ষ্যবস্তু ভবন ধসে পড়ছে এবং আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আবারও বাস্তুচ্যুত হচ্ছেন ফিলিস্তিনিরা
ইসরাইলের এই নতুন কৌশলে গাজায় বসবাসরত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়িঘর ধ্বংস হওয়ার আশঙ্কায় অনেক বাসিন্দা আবারও নিজেদের ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে আনাদোলু জানায়, বাড়িঘর উড়িয়ে দেওয়ার আশঙ্কায় গাজা সিটির পূর্বাঞ্চলের জেইতুন এলাকার কয়েক ডজন বাসিন্দা তাঁদের বসতবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন।
সূত্রগুলো আরও জানায়, গত কয়েক দিনে হামলার তীব্রতা বেড়েছে। সোমবার সকালে বুরেইজ ও নুসেইরাত শরণার্থীশিবিরের উত্তরে সালাহউদ্দিন সড়কের ওয়াদি গাজা সেতুর কাছে ড্রোন থেকে ফেলা বিস্ফোরকভর্তি বাক্সে একাধিক বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে অন্তত সাতবার বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
আগেও ব্যবহার করা হয়েছে একই কৌশল
গাজার বিভিন্ন এলাকায় এর আগেও একই পদ্ধতিতে বাড়িঘর ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর মধ্য গাজার মাগাজি শরণার্থীশিবিরের পূর্বাঞ্চলে বিস্ফোরকভর্তি বাক্স ব্যবহার করে দুটি খালি বাড়ি উড়িয়ে দেওয়া হয়।
এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস শহরের উত্তর-পূর্বাঞ্চলে দারুস সালাম হাসপাতালের আশপাশে চার দফা বিস্ফোরণ ঘটানো হয়। গত ১৪ নভেম্বর জেইতুন এলাকার পূর্বাংশেও একই ধরনের হামলার ঘটনা ঘটে।
২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরাইলি বাহিনীর ধ্বংসযজ্ঞ বন্ধ হয়নি। যুদ্ধের সময় বিমান হামলা, কামানের গোলাবর্ষণ, ভবনের ভেতরে ও আশপাশে বিস্ফোরক স্থাপন এবং ভারী সামরিক বুলডোজার ব্যবহার করে আবাসিক এলাকা ধ্বংস করা হয়েছে। যুদ্ধবিরতির সময়েও এসব তৎপরতা অব্যাহত রয়েছে।
বিশেষ করে ‘হলুদ রেখা’ হিসেবে পরিচিত সামরিক নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে বাড়িঘর ভাঙা ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে ফিলিস্তিনিদের অবশিষ্ট বসতবাড়িও হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে নিজ বাড়িতে ফিরে যাওয়ার স্বপ্নও অনিশ্চিত হয়ে পড়ছে।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক কার্যালয় (ওসিএইচএ) যুদ্ধবিরতির প্রথম মাস নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, গাজার নির্দিষ্ট কিছু এলাকায় বেসামরিক মানুষের প্রবেশে বিধিনিষেধ অব্যাহত রয়েছে। পাশাপাশি প্রতিদিন বিস্ফোরক ব্যবহার করে আবাসিক ভবন ধ্বংসের খবর পাওয়া যাচ্ছে।
যুদ্ধবিরতি লঙ্ঘনে নিহত ১ হাজার ৬৪৭ ফিলিস্তিনি
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের বিভিন্ন লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৬৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ৫ হাজার ৯৬৯ জন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের সমর্থনে শুরু হওয়া ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা ইসরাইলের এই অভিযানকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে। অঞ্চলটির পুনর্গঠনে ব্যয় হতে পারে ৭ হাজার ১৪০ কোটি ডলার।
১৬৪ বার পড়া হয়েছে