শেখ হাসিনার বিচার নতুন করে করার প্রস্তাব নাকচ করল ট্রাইব্যুনাল
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১০:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিনিময়ে নতুন করে বিচার করার বিষয়ে ভারতের সম্ভাব্য প্রস্তাব নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে নতুন করে বিচার করার কোনো সুযোগ নেই। দেশে ফিরলে আইন অনুযায়ী শেখ হাসিনার সাজা কার্যকরের প্রক্রিয়া অনুসরণ করা হবে।
শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে নতুন করে বিচার করার কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
রোববার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, ‘যারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তাদের প্রস্তাবিত ‘ডি নোভো ট্রায়াল’ বা নতুন করে বিচারের কোনো সুযোগ আমাদের দেশে নেই।’ বাংলাদেশের প্রচলিত আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই শেখ হাসিনার বিচার সম্পন্ন হয়েছে। ওই আইন অনুযায়ীই তাঁর সাজা কার্যকর করা হবে।
সম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সম্ভাব্য অবস্থান নিয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে আলোচনা শুরু হয়। ওই প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারত কয়েকটি শর্ত বা প্রস্তাব বিবেচনা করতে পারে।
এসব প্রস্তাবের মধ্যে রয়েছে, বাংলাদেশে ফেরার পর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করা এবং মামলাটির নতুন করে নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার করা। পাশাপাশি তাঁর নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়ার গ্রহণযোগ্যতার বিষয়টিও ভারতের বিবেচনায় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে ভারতের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হলেও বাংলাদেশের বিদ্যমান আইনের বাইরে গিয়ে নতুন করে বিচার করার সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
জুলাই গণঅভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালের আইন অনুযায়ী, রায়ের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার বিধান রয়েছে। রাষ্ট্রপক্ষের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে শেখ হাসিনা আপিল না করায় তাঁর আপিলের সুযোগ শেষ হয়েছে। ফলে তিনি দেশে ফিরলে আইন অনুযায়ী সাজা কার্যকরের প্রক্রিয়া অনুসরণ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তাঁকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে।
১২০ বার পড়া হয়েছে