সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছাল ১৩১ বার
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ৯:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৯ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এ নিয়ে ১৩১ বারের মতো তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত সংস্থা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা দিতে না পারায় নতুন তারিখ নির্ধারণ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২০১২ সালে রাজধানীতে খুন হন সাংবাদিক দম্পতি
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সাগর সরওয়ার ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক। আর মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক।
এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তের দায়িত্বে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স
দীর্ঘদিন ধরে মামলাটির তদন্ত চললেও এখনো প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাগর-রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাবের কাছ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
আদালতের নির্দেশনা অনুযায়ী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
তবে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বারবার পিছিয়ে যাওয়ায় দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন নিহত সাংবাদিক দম্পতির স্বজনেরা।
১৪১ বার পড়া হয়েছে