ঝিলবুনিয়া দরবার শরীফে ৩ দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল শুরু শুক্রবার
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৯:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোড়েলগঞ্জের ঐতিহ্যবাহী ঝিলবুনিয়া দরবার শরীফে শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ৫৬তম বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিল। দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী আবু জাফর মুহাম্মাদ আলী ওসমান খাঁনের পরিচালনায় এই ধর্মীয় সমাবেশে দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ অংশ নেবেন। আগামী সোমবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে এই মাহফিলের।
মরহুম পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সুফী মুহাম্মাদ আব্দুর রহমান খাঁন (রহ.)-এর স্মরণে আয়োজিত এই মাহফিলের প্রথম দিন প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন হাবিবুল্লাহ আবাদ আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা মোঃ আব্দুর রাকিব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হযরত মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
দ্বিতীয় দিন শনিবার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন গাজীপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা মোঃ শামছুল হক এবং বিশেষ বক্তা হিসেবে কচুয়ার চর সোনাকুর আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মোঃ রফিকুল ইসলাম ধর্মীয় আলোচনা উপস্থাপন করবেন।
মাহফিলের শেষ দিনে প্রধান মেহমান হিসেবে তাশরিফ আনবেন ফুরফুরা শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ ফতেহ্ আলী মোহাম্মদ আয়াতুল্লাহ্ সিদ্দিকী আল কোরাইশী। এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা এস এম নাঈমুল ইসলাম নাঈম ও পীরজাদা হযরত মাওলানা আবুল হোসাইন মুহাম্মাদ বাকী বিল্লাহ খাঁন।
আগামী সোমবার বাদ ইশরাক আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই ধর্মীয় সমাবেশের সমাপ্তি ঘটবে। দরবার শরীফের বর্তমান গদ্দীনশীন পীর সাহেব হযরত মাওলানা আবু জাফর মুহাম্মাদ আলী ওসমান খাঁন এই মোনাজাত পরিচালনা করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
১১৪ বার পড়া হয়েছে