নড়াইলে জমি দখল ও হুমকির প্রতিবাদে ভূক্তভোগী পরিবারের মানববন্ধন
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৯:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকায় জমি দখল, চাঁদাবাজি এবং উচ্ছেদের অপচেষ্টার বিরুদ্ধে রাজপথে নেমেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন।
শনিবার বিকেলে দুর্গাপুর এলাকায় ভুক্তভোগী প্রফুল্ল বিশ্বাসের বাড়ির সামনে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে সর্বস্তরের বাসিন্দারা অংশ নেন। প্রতিবাদ সভায় ভুক্তভোগী পরিবারের পক্ষে নয়ন বিশ্বাস অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে এবং ঘরবাড়ির নির্মাণকাজে বাধার সৃষ্টি করছে।
মানববন্ধনে বক্তব্য দেন নয়ন বিশ্বাস, ছন্দা বিশ্বাস, বিপুল ঠাকুর, কামনা গাঙ্গুলী ও পিটোল গাঙ্গুলীসহ অন্যান্য স্থানীয় বাসিন্দারা। বক্তারা জানান, অভিযুক্ত বাপ্পা বেগ ও তাঁর সহযোগী তরুণ লস্কর রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার সাধারণ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন। এমনকি চাঁদা না দিলে নারী ও শিশুসহ পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
বক্তারা আরও উল্লেখ করেন, দুর্গাপুর-ডুমুরতলা মৌজার সাবেক ২৭৭৫ ও হাল ১৬২৮ দাগের ১২ শতক জমি জোরপূর্বক দখলের চেষ্টা চলছে। মিথ্যা মামলা দিয়ে প্রফুল্ল বিশ্বাস ও তাঁর পরিবারকে জমি থেকে উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ তোলেন।
এদিকে সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বাপ্পা বেগ দাবি করেছেন, উক্ত ১২ শতক জমি তাঁর ক্রয়কৃত। প্রফুল্ল বিশ্বাসের সেখানে প্রকৃতপক্ষে ৩ শতক জমি থাকলেও তিনি জাল দলিলের মাধ্যমে পুরো জমি দখলের চেষ্টা করছেন। কারও জমি দখল বা হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
১১৫ বার পড়া হয়েছে