সর্বশেষ

জাতীয়

সংসদে আজ পোশাকশিল্প, দ্রব্যমূল্য ও ভূমিসেবা নিয়ে আলোচনা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
সাপ্তাহিক ছুটির পর আজ রোববার (১৫ নভেম্বর) আবারও বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। বিকেল ৪টা ১৫ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)–এর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। আজকের কার্যসূচিতে পোশাকশিল্পের উন্নয়ন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বাজারের অনিয়ম এবং ভূমিসেবা সহজীকরণসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনার জন্য অন্তর্ভুক্ত রয়েছে।

সাপ্তাহিক ছুটির বিরতি শেষে আজ রোববার বিকেল ৪টা ১৫ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন আবার শুরু হচ্ছে। গত ১০ নভেম্বর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে।

সংসদ সচিবালয় প্রকাশিত কার্যসূচি অনুযায়ী, আজকের বৈঠকে নিয়মিত প্রশ্নোত্তর পর্বের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে তিনটি নোটিশ নিয়ে আলোচনা হতে পারে।

এর মধ্যে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল প্রথম চৌধুরী ২০২০ সাল থেকে বন্ধ থাকা কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এক বছর মেয়াদি মেডিক্যাল টেকনোলজি টেকনিশিয়ান কোর্সের ৫৩৪টি প্রতিষ্ঠান পুনরায় চালুর বিষয়ে আলোচনার নোটিশ দিয়েছেন।

অন্যদিকে, মহিলা আসন-৪০-এর সংসদ সদস্য নাজমা আক্তার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং বাজারে বিদ্যমান অনিয়ম নিয়ে আলোচনার প্রস্তাব করেছেন।

এ ছাড়া মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ আহমাদ হানজালা শিবচরের মানুষের ভোগান্তি নিরসন, ভূমিসেবা সহজ করা এবং নামজারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

আজকের কার্যসূচিতে আরও রয়েছে কার্যপ্রণালি বিধির ২১১(১) অনুযায়ী ‘পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬’–এর ওপর সংশ্লিষ্ট বিষয়ে মন্তব্য উত্থাপন।

পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ১৭ ধারার বিধান অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করা হবে। গত ৬ মার্চ ২০২৬ তারিখে স্বাক্ষরিত ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারি’ সংক্রান্ত দলিলও সংসদে উপস্থাপনের জন্য কার্যসূচিতে রাখা হয়েছে।

এদিকে দেশের তৈরি পোশাকশিল্পের ভবিষ্যৎ নিয়ে একটি সাধারণ প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। কার্যপ্রণালি বিধির ১৪৭ অনুযায়ী প্রস্তাবটিতে পোশাকশিল্পের উন্নয়ন, শ্রমিকদের অধিকার ও কর্মপরিবেশ, উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়ানোসহ এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নজিবুর রহমান প্রস্তাবটি উত্থাপন করবেন। এতে দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্পের টেকসই উন্নয়ন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার ধরে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

১৩৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০