বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ১৮ নভেম্বর থেকে বৃষ্টির পূর্বাভাস
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৩:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আজ রোববার (১৫ নভেম্বর) রাতের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হতে পারে ‘আকভান’। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিত নয়। এর প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও দেখা দিতে পারে।
নভেম্বর মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বাড়তি সতর্কতা তৈরি হয়। কারণ, এই মাসেই অতীতে দেশের ওপর আঘাত হেনেছে বেশ কয়েকটি ভয়াবহ ঘূর্ণিঝড়। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘণ্টায় প্রায় ২২৩ কিলোমিটার বেগে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় সিডর। ক্যাটাগরি-৫ মাত্রার এই ঝড়ে প্রাণ হারান হাজার হাজার মানুষ।
এর আগে ১৯৭০ সালের ১২ নভেম্বর সংঘটিত হয় ভয়াবহ ভোলা ঘূর্ণিঝড়। প্রায় ৩০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্রাণ হারান কয়েক লাখ মানুষ। অতীতের এসব ভয়াবহ অভিজ্ঞতার কারণে নভেম্বর মাসে বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টি হলে তা নিয়ে উদ্বেগ বাড়ে।
এবারও নভেম্বরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে সম্ভাব্য গতিপথের মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়টি কোন দিকে অগ্রসর হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো পূর্বাভাস পাওয়া যায়নি।
আবহাওয়াবিদ খন্দকার হাফিজ আহমেদ বলেন, ‘১৮ নভেম্বরের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কিছু এলাকায় মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে।’
এদিকে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির পরবর্তী পরিবর্তন এবং সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ সম্পর্কে জানতে নিয়মিত পূর্বাভাস অনুসরণের পরামর্শ দেওয়া হচ্ছে।
১৪৯ বার পড়া হয়েছে