রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু আজ
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন শুরু হচ্ছে আজ রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এবার রাজশাহীসহ দেশের আটটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। তবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন এবং সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফল প্রকাশের পর সাত দিনের মধ্যে যোগ্যতা অনুযায়ী আবেদন করার সুযোগ পাবেন।
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, ‘বি’ (বাণিজ্য) ইউনিটের পরীক্ষা ১২ ফেব্রুয়ারি শুক্রবার, ‘সি’ (বিজ্ঞান) ইউনিটের পরীক্ষা ১৩ ফেব্রুয়ারি শনিবার এবং ‘এ’ (মানবিক) ইউনিটের পরীক্ষা ২০ ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। তবে ‘বি’ ইউনিটের দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এবার রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল—এই আটটি আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন করার সময় পরীক্ষার্থীদের পছন্দের পরীক্ষা অঞ্চল নির্বাচন করতে হবে। একবার অঞ্চল নির্বাচন করার পর তা পরিবর্তনের সুযোগ থাকবে না।
আবেদনের যোগ্যতা
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া ডিপ্লোমা-ইন-কমার্স, বিএফএ (প্রাক), বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি (ভোকেশনাল), এ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। তবে অন্যান্য সমমান পরীক্ষার ক্ষেত্রে এইচএসসি সমমান নির্ধারণ কমিটির অনুমোদন প্রয়োজন হবে। বিএফএ (প্রাক) ডিগ্রিধারীদের আবেদনের সময় নম্বরপত্র আপলোড করতে হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস করা শিক্ষার্থীরাও সংশ্লিষ্ট ইউনিটে আবেদন করতে পারবেন। তাঁদের জিপিএ পাঁচের স্কেলে নির্ধারণ করা হবে।
মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান—উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬ দশমিক ৫০।
বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৭ দশমিক ৫০ থাকতে হবে।
জিসিই ও লেভেলে অন্তত পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুই স্তরের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে কমপক্ষে বি গ্রেড এবং বাকি তিনটিতে কমপক্ষে সি গ্রেড থাকতে হবে।
ও লেভেল, এ লেভেল ও ইংরেজি ভার্সনে জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনূদিত প্রশ্নপত্রের ব্যবস্থা থাকবে। এ ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা দিতে আগ্রহীদের আবেদন করার সময় অনলাইনে নির্ধারিত অপশন পূরণ করতে হবে।
ভর্তি পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন
২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষাবোর্ড প্রণীত পাঠ্যসূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন। তবে এইচএসসি বা সমমান পরীক্ষায় যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছেন, সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের বহুনির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন থাকবে ৮০টি। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। একই প্রশ্নের একাধিক উত্তর দিলে সেটিও ভুল হিসেবে গণ্য হবে। ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০।
এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটের নির্ধারিত বিশেষ শর্ত পূরণ করতে হবে। কোটায় আবেদন করতে আগ্রহীদের অনলাইনে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে তাঁদের কোটাভুক্তির আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন ফি কত
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে ইউনিটভেদে আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে।
‘এ’ (মানবিক) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। এর মধ্যে মূল আবেদন ফি ১ হাজার ২০০ টাকা এবং ১০ শতাংশ সেবামূল্য ১২০ টাকা।
অন্যদিকে, ‘বি’ (বাণিজ্য) ইউনিটে আবেদন ফি ১ হাজার ১০০ টাকা। এর মধ্যে মূল আবেদন ফি ১ হাজার টাকা এবং ১০ শতাংশ সেবামূল্য ১০০ টাকা।
কোন ইউনিটে কোন বিভাগ
‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা অনুষদের ১২টি বিভাগ, আইন অনুষদের দুটি বিভাগ, সামাজিক বিজ্ঞান অনুষদের ১০টি বিভাগ, চারুকলা অনুষদের তিনটি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।
‘বি’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের ছয়টি বিভাগ রয়েছে। এগুলো হলো হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা, ব্যবস্থাপনা অধ্যয়ন, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং ও ইনস্যুরেন্স এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। এ ছাড়া ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটও (আইবিএ) এই ইউনিটের অন্তর্ভুক্ত।
‘সি’ ইউনিটের অধীনে রয়েছে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ এবং ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের বিভাগগুলো।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিট, বিভাগ ও ইনস্টিটিউটভিত্তিক বিশেষ শর্ত, অনলাইনে আবেদনের নিয়ম, ভর্তি পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হেডফোন, মেমোরিযুক্ত ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না। এ ছাড়া দুই কানসহ মুখমণ্ডল আবৃত রাখা এবং হিজাব পরিহিত নারী পরীক্ষার্থীদের পরিচয় শনাক্তের প্রয়োজনে নারী পরিদর্শকের মাধ্যমে যাচাই করা হবে।
১৫৩ বার পড়া হয়েছে