চাকরি স্থায়ীকরণসহ ৪ দাবিতে সাত কলেজের কর্মচারীদের মানববন্ধন
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৯:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সাত কলেজের বেসরকারি কর্মচারীরা। সোমবার (৯ নভেম্বর) রাজধানীর সরকারি তিতুমীর কলেজসহ সাতটি ক্যাম্পাসে একযোগে এ কর্মসূচি পালন করেন শত শত কর্মচারী।
চাকরির নিরাপত্তা, স্থায়ীকরণ ও বেতন-ভাতা নিশ্চিত করার দাবিতে রাজধানীর সাত কলেজের বেসরকারি কর্মচারীরা মানববন্ধন করেছেন। সোমবার (৯ নভেম্বর) সরকারি তিতুমীর কলেজসহ সাতটি ক্যাম্পাসে একযোগে এ কর্মসূচি পালিত হয়।
মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কে ‘সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত মানববন্ধনে কর্মচারীরা জানান, সাত কলেজে বর্তমানে ৮৬৯ জন বেসরকারি ও অস্থায়ী কর্মচারী রয়েছেন। তাঁদের মধ্যে অনেকে ২০ বছরের বেশি সময় ধরে চাকরি করছেন। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অর্থ দিয়ে তাঁদের বেতন দেওয়া হয়।
কর্মচারীরা বলেন, সাত কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হলেও তাঁদের চাকরির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থীদের ভর্তির আসনসংখ্যা কমানো হয়েছে। এতে কলেজগুলোর আয় কমে যাওয়ায় কর্মচারীদের বেতন পরিশোধ নিয়ে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।
তাঁরা আরও জানান, গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন। এতে চাকরির বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করে তাঁদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে।
কর্মচারীদের ভাষ্য, বিভিন্ন সময়ে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরিও সরকারি কাঠামোর আওতায় এনেছে। তবে বেসরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও চাকরির নিরাপত্তার বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি।
মানববন্ধনে সরকারি তিতুমীর কলেজ কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের বলেন, একসময় তিতুমীর কলেজে প্রায় ৫৯ হাজার শিক্ষার্থী থাকলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের নিজস্ব আয় কমেছে। ফলে কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তর ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার আবেদন করেও কার্যকর সমাধান পাওয়া যায়নি।
চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, তাঁদের প্রধান দাবি চাকরি জাতীয়করণ। তা সম্ভব না হলে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিজস্ব কাঠামোর অধীনে কর্মচারীদের অন্তর্ভুক্ত করতে হবে। কোনো অবস্থাতেই তাঁদের চাকরিচ্যুত করা যাবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তিনি।
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংগঠনের প্রচার সম্পাদক মো. পাবেল হোসেন বলেন, তাঁরা ১৮ থেকে ২৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করছেন। কিন্তু এখনো চাকরি স্থায়ীকরণ বা জাতীয়করণের নিশ্চয়তা পাননি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সন্তানদের পড়াশোনার খরচ, বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণ চালাতে গিয়ে তাঁরা চরম সংকটে পড়েছেন।
মানববন্ধনে কর্মচারীরা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—চাকরি স্থায়ীকরণ, ছাঁটাই বন্ধ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় অন্তর্ভুক্ত করা এবং চাকরি স্থায়ী না হওয়া পর্যন্ত সরকার ঘোষিত জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদান।
দ্রুত এসব দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
১৪৮ বার পড়া হয়েছে