সর্বশেষ

রাজনীতি

‘ফালতু লোক’ মন্তব্যের প্রতিবাদে লাইভ টকশো ছাড়লেন রাশেদ খাঁন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক টকশোতে সহ-আলোচক ড. আব্দুল মান্নানের ‘ফালতু লোক’ মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। মন্তব্যটি প্রত্যাহার এবং যথাযথ প্রতিকার দাবি করলেও সংশ্লিষ্ট বক্তা তা না করায় শেষ পর্যন্ত স্টুডিও ত্যাগ করেন তিনি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল স্টার নিউজের সরাসরি সম্প্রচারিত রাজনৈতিক আলোচনা অনুষ্ঠান ‘কড়া আলাপ’-এ শুক্রবার (১৩ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও সহ-আলোচক ড. আব্দুল মান্নানের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে আব্দুল মান্নান রাশেদ খাঁনকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ বলে মন্তব্য করেন।

এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান রাশেদ খাঁন। তিনি বলেন, জাতীয় গণমাধ্যমের সামনে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার গ্রহণযোগ্য নয়। তিনি অনুষ্ঠানের সঞ্চালক মনিরুল ইসলামের কাছে তাৎক্ষণিক সমাধান ও উপযুক্ত প্রতিকার দাবি করেন। একই সঙ্গে আত্মসম্মান বিসর্জন দিয়ে সেখানে বসে থাকা তাঁর পক্ষে সম্ভব নয় বলেও জানান।

পরিস্থিতি সামাল দিতে সঞ্চালক মনিরুল ইসলাম এ ধরনের ভাষা ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি তিনি অনুষ্ঠানের পক্ষ থেকে আব্দুল মান্নানের বক্তব্য প্রত্যাহারের প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।

তবে রাশেদ খাঁন এ প্রস্তাবে রাজি হননি। তাঁর বক্তব্য, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাঁকেই নিজের মন্তব্য প্রত্যাহার করতে হবে। সংশ্লিষ্ট বক্তা মন্তব্য প্রত্যাহার না করায় এবং সঞ্চালকের পক্ষ থেকে বিকল্প কোনো সমাধান না আসায় দর্শক ও সঞ্চালকের কাছে দুঃখ প্রকাশ করে অনুষ্ঠান ছেড়ে যান তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ও জনসভায় জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের, বিশেষ করে মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের গোপন বৈঠকের অভিযোগ করে আসছিলেন রাশেদ খাঁন।

এর পরিপ্রেক্ষিতে বুধবার (১১ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর ফ্লোর নিয়ে অভিযোগটি নাকচ করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সংসদে তিনি বলেন, কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের ইতিহাস তাঁদের নেই। তাঁরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গেই আলোচনা করেন।

একই বক্তব্যে বিএনপির প্রতি ইঙ্গিত করে ডা. শফিকুর রহমান দাবি করেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, তাঁরাই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন এবং অতীতের দেশনীতি ভুল ছিল বলে প্রকাশ্যে স্বীকার করেছেন।

ওই বক্তব্যে রাশেদ খাঁনের নাম উল্লেখ না করে তাঁকে কটাক্ষ করেন জামায়াতের আমির। তিনি বলেন, সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক সচিব পদমর্যাদার একজন ব্যক্তি ২৪ ঘণ্টা তাঁদের পেছনে লেগে থাকেন। তাঁকে কোনো বেতন বা মজুরি দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। একই বক্তব্যে ওই ব্যক্তিকে ‘ফালতু লোক’ বলেও আখ্যা দেন।

এরপর থেকেই দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়। ১১ নভেম্বর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রাশেদ খাঁন ডা. শফিকুর রহমানকে উদ্দেশ করে লেখেন, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেননি বলে সংসদে দেওয়া বক্তব্যের জবাব তিনি শিগগিরই দেবেন।

পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) আরেকটি ফেসবুক পোস্টে ‘ফালতু’ মন্তব্যের প্রতিবাদ জানান রাশেদ খাঁন। তিনি প্রশ্ন তোলেন, শেখ হাসিনাবিরোধী আন্দোলনে দীর্ঘদিন ভূমিকা রাখার পরও কীভাবে তাঁকে ‘ফালতু’ বলা হলো। পোস্টে তিনি ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত তথ্যের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন প্রশ্ন করেন, সাদিক কায়েমের পরিচয়সংক্রান্ত সায়রের প্রতিবেদন জামায়াত-শিবির সত্য বলে মেনে নিলেও মিয়া গোলাম পরওয়ারের বৈঠকের তথ্যকে কেন মিথ্যা বলা হচ্ছে। সংসদে ‘ফালতু’ শব্দ ব্যবহারের সমালোচনা করে তিনি এটিকে অসংসদীয় ও ব্যক্তিগত আক্রমণ হিসেবে উল্লেখ করেন।

জামায়াত আমিরের বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই শুক্রবার রাতে টকশোতে একই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি হলে অনুষ্ঠান বর্জন করেন রাশেদ খাঁন।

টকশোতে আত্মসম্মানের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে কারাবরণ এবং শেখ হাসিনার শাসনামলে মামলায় রিমান্ডে নির্যাতনের অভিযোগের কথাও উল্লেখ করেন।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক থাকাকালে ২০১৮ সালের ১ জুলাই রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে আটক করে গোয়েন্দা পুলিশ। রাশেদ খাঁনের ভাষ্যমতে, তাঁকে ভাসানটেক এলাকা থেকে আটক করা হয়েছিল।

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক আল-নাহিয়ান খান জয়ের করা তথ্যপ্রযুক্তি আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ২ জুলাই ঢাকার মহানগর হাকিম রায়হান উল ইসলাম তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা তাঁর ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

পরবর্তী সময়ে ২০২৫ সালের ৭ মে রাশেদ খাঁন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি দাবি করেন, ২০১৮ সালের ১ জুলাই আটকের পর ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে তৎকালীন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদ তাঁর হাত, চোখ ও মুখ গামছা দিয়ে বেঁধে প্রায় ৩০ মিনিট নির্যাতন করেন। সরকারবিরোধী মত প্রকাশের কারণে তাঁকে ১৫ দিন নির্যাতনের শিকার হতে হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, রাশেদ খাঁনের করা নির্যাতনের অভিযোগটি যাচাই-বাছাই ও তদন্তাধীন রয়েছে।

রাজনৈতিক জীবনে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেতা ছিলেন রাশেদ খাঁন। পরে তিনি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দলীয় পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দেন তিনি। সর্বশেষ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

এরপর ২০২৬ সালের জুলাইয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার প্রজ্ঞাপনের মাধ্যমে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০