গ্রীষ্মের আগেই সরকারি ভবনে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৭:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশের সরকারি স্থাপনাগুলোতে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো ও জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে মাঠপর্যায়ে এ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগের সচিব মিজ্ মিরানা মাহরুখ বগুড়ায় আয়োজিত এক পর্যালোচনা সভায় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
শনিবার বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরপ্রধানদের অংশগ্রহণে ‘রুফটপ সোলার’ বিষয়ক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ সচিব মিজ্ মিরানা মাহরুখ জানান, দেশে প্রায় এক কোটি ৬৩ লাখ ছাদ রয়েছে। এসব ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানো গেলে নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন কমবে এবং অব্যবহৃত স্থান থেকেই বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
কর্মসূচি সফলভাবে এগিয়ে নিতে সরকারি স্থাপনার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনকেও এই উদ্যোগের আওতায় আনার আহ্বান জানান সচিব। বিশেষ করে আগামী গ্রীষ্মের আগেই নির্ধারিত লক্ষ্য অর্জন করতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কারিগরি কমিটির মাধ্যমে সমন্বিত পদক্ষেপ নেওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উল্লেখ করা হয়, কার্যক্রমটি সহজ করতে সরকার ইতিমধ্যে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে। অপেক্স ও ক্যাপেক্স মডেলে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে ৮ হাজারের বেশি নির্বাচিত সার্ভিস প্রোভাইডার। এ বিষয়ে পরিপত্র জারি করে নির্ধারিত সময়ের মধ্যে সকল কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১২৯ বার পড়া হয়েছে