নরসিংদীতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে পুড়ে যুবকের মৃত্যু
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদী শহরের বাসাইল এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে বিদ্যুৎ সঞ্চালন লাইনে আগুন ধরে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে ওই অজ্ঞাত যুবকের ঝলসানো লাশ উদ্ধার করে।
ঘটনাটি ঘটেছে নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা বিদ্যুতের একটি খুঁটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখেন। পরবর্তীতে তারা খুঁটির নিচে এক যুবকের নিথর ও আগুনে ঝলসানো দেহ পড়ে থাকতে দেখে নরসিংদী মডেল থানা-পুলিশে খবর দেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, নিহত যুবক ভোরের দিকে বৈদ্যুতিক তার চুরির উদ্দেশ্যে খুঁটিতে উঠেছিলেন। সে সময় সংযোগটি চালু থাকায় তার কাটতে গিয়ে তিনি হাইভোল্টেজ লাইনে স্পৃষ্ট হন। মুহূর্তের মধ্যেই পরিবাহী তারে আগুন ধরে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
১২৭ বার পড়া হয়েছে