দিনাজপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত: শৃঙ্খলিত জীবনযাপনের আহ্বান
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৭:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি এবং শৃঙ্খলিত জীবনযাপনের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মকশেদ আলী মঙ্গলীয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলী। তিনি বলেন, রোগীর আর্থিক অবস্থা বিবেচনায় রেখে সেবা নিশ্চিত করতে হবে এবং সুচিকিৎসা থেকে যেন কেউ বঞ্চিত না হন সেদিকে খেয়াল রাখা জরুরি।
বিশেষজ্ঞ চিকিৎসকেরা জানান, বিশ্বজুড়ে প্রায় ৮০ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এই রোগের জটিলতা এড়াতে নিয়মিত রক্তে শর্করার মাত্রা পরীক্ষা, ওজন নিয়ন্ত্রণ, প্রক্রিয়াজাত ও ফাস্টফুড জাতীয় খাবার পরিহার করে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন বক্তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবির। স্বাগত বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবু বকর ছিদ্দীক এবং সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা মো. গোলাম মোস্তফা পলাশ।
১৪০ বার পড়া হয়েছে