স্বরাষ্ট্রমন্ত্রীকে অব্যাহতির দাবি সাদিক কায়েমের
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ ৯:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দায়িত্ব থেকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি জানান সাদিক কায়েম।
পোস্টে তিনি লেখেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে আছে। লীগের সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সচিবালয় থেকে মাত্র কয়েকশ মিটার দূরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া ঘটনার বিবরণও ঠিকভাবে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী।’
সাদিক কায়েম আরও লেখেন, এটি স্বরাষ্ট্রমন্ত্রীর চরম অযোগ্যতা, নাকি আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়ার পূর্বসিদ্ধান্ত থেকে তিনি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি সম্পর্কে বেখবর রয়েছেন—তা জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তিনি।
এর আগে মঙ্গলবার দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে সাদিক কায়েম অভিযোগ করেন, সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নাশকতা ও অপতৎপরতা চলছে। অথচ প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ রহস্যজনকভাবে নির্লিপ্ত ভূমিকা পালন করছে। সরকারের পক্ষ থেকেও একধরনের নীরব প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে বলে দাবি করেন ডাকসুর ভিপি।
ওই পোস্টে তিনি লেখেন, গতকাল সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্য ও প্রক্টর এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি। চলমান নাশকতা নিয়েও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
শিক্ষার্থীদের প্রতি উপাচার্য ও প্রক্টরের এমন উদাসীনতাকে চরম দায়িত্বহীনতা হিসেবে উল্লেখ করেন সাদিক কায়েম। পোস্টের শেষে তিনি লেখেন, ক্যাম্পাসের ভেতরে দিনদুপুরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ উপাচার্য ও প্রক্টরের পদে থাকার কোনো নৈতিক অধিকার নেই।
১৩৭ বার পড়া হয়েছে