নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
"ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা এবং দিনব্যাপী বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। শহরের ভিক্টোরিয়া সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার এসব কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল ১০টায় ভিক্টোরিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়গনষ্টিক সেন্টারের সামনে থেকে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়।
পরবর্তীতে নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ. ফ. ম. মশিউর রহমান বাবুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি নড়াইল জজকোর্টের পিপি ও প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হকসহ অন্য বক্তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস এবং দৈনিক শারীরিক পরিশ্রমের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন ভিক্টোরিয়া সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি ডা. দীপ বিশ্বাস সুদীপ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু এবং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু।
দিবসটি উপলক্ষে শহরের তিনটি নির্ধারিত পয়েন্টে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে রক্তে শর্করার পরিমাণ পরীক্ষা করার পাশাপাশি ভিক্টোরিয়া স্পেশালাইজড হসপিটালে বিনামূল্যে বিশেষ চিকিৎসাসেবা প্রদান করা হয়। এসব কর্মসূচিতে স্থানীয় চিকিৎসক, নার্স, সংবাদকর্মী ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
১০৮ বার পড়া হয়েছে