নুসরাতের বাড়িতে হামলা: সরকারকে খেসারতের হুঁশিয়ারি জামায়াত আমিরের
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৬:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সরকার ব্যর্থ হলে এর জন্য উচ্চমূল্যে খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এ দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে এর জন্য উচ্চমূল্যে খেসারত দিতে হবে বলেও মন্তব্য করেছেন জামায়াত আমির।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন ডা. শফিকুর রহমান।
পোস্টে তিনি লেখেন, বুধবার দিবাগত রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, দলটির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ হামলার নিন্দা জানান তিনি।
ঘটনাটিকে কাপুরুষোচিত উল্লেখ করে জামায়াত আমির বলেন, অবশ্যই হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর জন্য উচ্চমূল্যে খেসারত দিতে হবে। এ বিষয়ে নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে নিজের বাড়িতে হামলার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান নুসরাত তাবাসসুম।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, তাঁর বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। কারা এ হামলা চালিয়েছে, তা তিনি জানেন না বলেও উল্লেখ করেন। একই সঙ্গে হামলার মাধ্যমে তাঁর কণ্ঠরোধ করা যাবে না জানিয়ে আগুনের পথ পাড়ি দিয়েও নিজের কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
১১১ বার পড়া হয়েছে