স্বৈরাচার ও সন্ত্রাসকে জনগণ আর সুযোগ দেবে না: আইনমন্ত্রী
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশে অতীত ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তিকে রাজনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সুযোগ জনগণ আর দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এ কথা বলেন।
শুক্রবার ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে তিনি বলেন, বোমা হামলা চালিয়ে কিংবা ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার চক্রান্ত করে লাভ হবে না। সাম্প্রতিক বোমা হামলার ঘটনায় সরকারের কাছে পর্যাপ্ত তথ্য-উপাত্ত রয়েছে এবং ইতিমধ্যে একাধিক অভিযুক্ত গ্রেফতার হয়েছেন।
আইনমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পথ বেছে নেয়নি। এমনকি পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার পুরোনো কালচার থেকেও সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে। তিনি সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে। সরকারের ভুলত্রুটি প্রকাশের পূর্ণ স্বাধীনতা যেমন সংবাদমাধ্যমের রয়েছে, তেমনি সরকারের বিভিন্ন সেবামূলক কাজের খবরও মানুষের কাছে পৌঁছানো দরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মো. রাশেদ খাঁন। ফোরামের সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি।
১১০ বার পড়া হয়েছে