কুষ্টিয়া জেলা সমিতিতে সক্রিয় নেতৃত্বের আহ্বান বাচ্চু মোল্লার, ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ শেখ সাদীর
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকাকে আরও গতিশীল ও কার্যকর করতে সক্রিয়, দায়িত্বশীল ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। তিনি বলেছেন, শুধু পদ-পদবি নিয়ে বসে থাকলে হবে না, সমিতির জন্য সময় দিতে হবে এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যারা কাজ করবেন, তারাই নেতৃত্বে থাকবেন। দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের পরিবর্তে অন্যদের দায়িত্ব দেওয়ার ব্যবস্থা করতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার ৩০তম বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, কুষ্টিয়া জেলা সমিতিকে এগিয়ে নিতে হলে নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হবে। দুই মাস পরপর সভা আয়োজন করা যেতে পারে। সেখানে প্রত্যেককে নির্দিষ্ট দায়িত্ব দিতে হবে। যিনি দায়িত্ব পালন করবেন, তিনি দায়িত্বে থাকবেন। আর যিনি দায়িত্ব পালন করবেন না, তাঁর পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দিতে হবে। এভাবে সমিতিকে সক্রিয় ও শক্তিশালী করতে হবে।
তিনি বলেন, সমিতিতে অনেক যোগ্য ও অভিজ্ঞ মানুষ রয়েছেন। তাঁদের অভিজ্ঞতা ও সামর্থ্য কাজে লাগাতে হবে। শুধু কমিটিতে পদ পাওয়ার জন্য আগ্রহী হলে চলবে না, দায়িত্ব পাওয়ার পর কাজের মধ্য দিয়ে যোগ্যতার প্রমাণ দিতে হবে। দীর্ঘদিন ধরে যাঁরা সমিতির সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিতে হবে।
কুষ্টিয়ার উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, বৃহত্তর কুষ্টিয়ার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জেলার উন্নয়নের জন্য কী কী প্রয়োজন, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরতে হবে। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব ও ঢাকায় বসবাসরত কুষ্টিয়ার সামর্থ্যবান ব্যক্তিদের সমন্বয়ে জেলার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব। এ ক্ষেত্রে কুষ্টিয়া জেলা সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, কুষ্টিয়ার উন্নয়নে তাঁর সহযোগিতা অব্যাহত থাকবে। সমিতির নেতারা জেলার প্রয়োজন ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি পাশে থাকার চেষ্টা করবেন। কুষ্টিয়ার স্বার্থে দল-মতনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
সমিতির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রেজা আহমেদ বাচ্চু মোল্লা আরও বলেন, একটি সংগঠনের শক্তি তার সক্রিয় সদস্যরা। কমিটিতে কারা আছেন, সেটি বড় কথা নয়; তাঁরা কতটুকু কাজ করছেন, সেটিই গুরুত্বপূর্ণ। নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা, কর্মদক্ষতা ও সময় দেওয়ার মানসিকতাকে প্রাধান্য দিতে হবে। সমিতিকে সামনে এগিয়ে নিতে প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান মো. শেখ সাদী বলেন, কুষ্টিয়া তাঁর শিকড়। এই জেলার মানুষের কল্যাণে কাজ করা তাঁর দায়িত্ব ও ভালো লাগার জায়গা। সমিতিকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাঁরা সময় দিতে পারবেন এবং আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন, তাঁদেরই সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন।
তিনি বলেন, সমিতির কার্যক্রম পরিচালনায় তাঁর নিজের প্রতিষ্ঠান ও ব্যক্তিগত অবস্থান থেকে সময় ও সহযোগিতা দেওয়ার চেষ্টা থাকবে। সমিতির সঙ্গে যুক্ত হয়ে যাঁরা কাজ করতে চান, তাঁদের নিয়ে একটি কার্যকর পরিবেশ তৈরি করতে হবে। দায়িত্বশীল ব্যক্তিরা আন্তরিকভাবে কাজ করলে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে, সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধন দৃঢ় হবে।
শেখ সাদী বলেন, কুষ্টিয়া জেলা সমিতি শুধু একটি সংগঠন নয়, ঢাকায় বসবাসরত কুষ্টিয়ার মানুষের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও আত্মিক বন্ধনের একটি জায়গা। এখানে এসে সদস্যরা যেন নিজেদের জেলার মানুষের সান্নিধ্য পান, একটি সুন্দর পরিবেশ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে, সেটি নিশ্চিত করতে হবে। যাঁরা অতীতে সমিতির জন্য কাজ করেছেন, তাঁদের যথাযথ মূল্যায়ন করে নতুনদেরও সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, কুষ্টিয়া জেলা সমিতির বিভিন্ন কার্যক্রমে জেলার জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ত করা প্রয়োজন। সমিতির পরিধি ও কার্যক্রম আরও বিস্তৃত করতে তাঁদের সহযোগিতা গুরুত্বপূর্ণ। তবে এটি কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়; এটি কুষ্টিয়ার মানুষের সংগঠন। তাই দলীয় বিভেদ বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে সবাইকে সমিতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শেখ সাদী বলেন, সমিতির উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে সবাইকে আন্তরিক হতে হবে। যাঁরা সংগঠনের জন্য কাজ করতে চান, তাঁদের সুযোগ দিতে হবে। সম্মিলিত উদ্যোগের মধ্য দিয়ে একটি সুন্দর ও কার্যকর কমিটি গঠন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার এবং কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার উপদেষ্টা আখতারুজ্জামান কাজল মাজমাদার। এ ছাড়া প্রধান প্রকৌশলী মো. জামানুর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান কাজী হাবিবুল বাসারসহ সমিতির সাবেক সভাপতি, উপদেষ্টা, সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুষ্টিয়ার সাতটি উপজেলা/থানা থেকে নির্বাচিত সাত শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি-২০২৬ প্রদান করা হয়। এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলনে কুষ্টিয়ার শহীদদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়। শহীদ আবরার ফাহাদসহ জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সমিতির সদস্যদের মধ্যে অপরচুনিটি আইডি কার্ড বিতরণ কার্যক্রমও অনুষ্ঠানের অংশ ছিল।
এর আগে সাধারণ সভায় ২০২৪ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব, সমিতির কার্যক্রমের প্রতিবেদন এবং ২০২৬ সালের সম্ভাব্য বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য অভ্যন্তরীণ ও বহিঃনিরীক্ষক নিয়োগ এবং অন্যান্য সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক সনজিত কুমার বিশ্বাসের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন মো. শেখ সাদী। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
সদস্যদের জন্য হাসপাতাল, রিসোর্ট ও পরিবহনে বিশেষ ছাড়
কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সদস্যদের কল্যাণে বিভিন্ন প্রতিষ্ঠান ও সেবাদানকারী সংস্থার সঙ্গে বিশেষ ছাড় সুবিধা যুক্ত করেছে। সমিতির বৈধ সদস্য বা অপরচুনিটি আইডি কার্ড প্রদর্শন সাপেক্ষে এসব সুবিধা গ্রহণ করতে পারবেন সদস্যরা।
সমিতি সূত্রে জানা গেছে, ইবনে সিনা ট্রাস্ট পরিচালিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজি ও পিসিআর ল্যাব পরীক্ষায় ৩৫ শতাংশ এবং রেডিওলজি, ইমেজিং, পিইটি-সিটিসহ অন্যান্য পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ঢাকাসহ দেশের সব কেন্দ্রে এ সুবিধা প্রযোজ্য হবে।
এ ছাড়া এশিউর গ্রুপের ফ্ল্যাট ক্রয়ে ১০ শতাংশ, মানিকগঞ্জ ও কক্সবাজারের ডেরা রিসোর্টে ৩০ শতাংশ এবং কুষ্টিয়া-ঢাকা রুটে চলাচলকারী এসবি সুপার ডিলাক্স পরিবহনের টিকিটে ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
বিনোদনপ্রেমী সদস্যদের জন্য আশুলিয়ার জামগড়ায় অবস্থিত ফ্যান্টাসি কিংডম এবং চট্টগ্রামের ফয়েজ লেকের বিনোদন পার্ক ও রিসোর্টের নির্ধারিত সেবায় ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ ছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে প্রস্তাবিত এশিউর জেনারেল হাসপাতালে সব ধরনের পরীক্ষায় ৩০ শতাংশ ছাড়ের সুবিধা রাখার কথা জানানো হয়েছে।
অন্যদিকে কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালও সমিতির সদস্যদের জন্য ২৫ শতাংশ ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
সমিতির নেতারা জানিয়েছেন, সদস্যদের চিকিৎসা, আবাসন, ভ্রমণ, পরিবহন ও বিনোদনসংশ্লিষ্ট সেবায় আর্থিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এ ধরনের সমঝোতা ও ছাড়ের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সদস্যদের জন্য আরও নতুন প্রতিষ্ঠান ও সেবাকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে সুবিধা গ্রহণের ক্ষেত্রে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার বৈধ সদস্য কার্ড অথবা অপরচুনিটি আইডি কার্ড প্রদর্শন করতে হবে। সমিতির এ উদ্যোগকে ঢাকায় বসবাসরত কুষ্টিয়াবাসীর পারস্পরিক সহযোগিতা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
২৪৬ বার পড়া হয়েছে