আন্তর্জাতিক ষড়যন্ত্রে দেশে মাদক আসছে: ত্রাণমন্ত্রী
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশে মাদক প্রবেশ করছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, যুবসমাজকে ধ্বংস করে জাতি হিসেবে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা নষ্ট করাই এই ষড়যন্ত্রের উদ্দেশ্য।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট’ নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।
আসাদুল হাবিব দুলু বলেন, দেশের ১৫ থেকে ২০ শতাংশ যুবক অনলাইন ক্যাসিনো ও মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে। ক্যাসিনো জুয়ার মাধ্যমে প্রতিবছর পাঁচ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেই দেশে মাদক আসছে বলে তিনি মন্তব্য করেন।
ত্রাণমন্ত্রী বলেন, এটি যুবসমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র। এর মাধ্যমে বাংলাদেশ যেন জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও যৌতুক—এই চারটি সামাজিক অপরাধ লালমনিরহাট থেকে দূর করার লক্ষ্য নিয়ে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির কার্যক্রম দেখতে আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাট সফরে আসবেন বলেও জানান তিনি।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের প্রতি অসম্মান ও নির্যাতনের ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এখন শিক্ষার্থীরা শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। অনেক শিক্ষক নির্যাতনের শিকার হয়েছেন।
ত্রাণমন্ত্রী বলেন, নীতিবোধ, মূল্যবোধ, সম্মান, সামাজিকতা ও নৈতিকতার ক্ষেত্রে সমাজ পিছিয়ে পড়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে সবাইকে উদ্যোগী হতে হবে।
১০৪ বার পড়া হয়েছে