আন্তরিকভাবে 'স্যরি' বলবেন যেভাবে
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্যক্তিগত, পারিবারিক কিংবা কর্মক্ষেত্রের সম্পর্কে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্য হতেই পারে। কখনো নিজের আচরণে কাছের কেউ কষ্ট পেতে পারেন, আবার কখনো প্রতিশ্রুতি রক্ষা করতেও ব্যর্থ হতে পারেন। এসব ক্ষেত্রে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া সম্পর্কের দূরত্ব কমাতে এবং পারস্পরিক আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করে। তবে ক্ষমা চাওয়ার সময় শুধু ‘স্যরি’ বলাই যথেষ্ট নয়; নিজের ভুলের দায় স্বীকার, অনুশোচনা প্রকাশ এবং আচরণে পরিবর্তন আনার বিষয়টিও গুরুত্বপূর্ণ।
স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক ওয়েবসাইট ‘হার্ভার্ড হেলথ পাবলিশিং’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমা চাওয়া কেবল ভুল স্বীকারের বিষয় নয়। সুস্থ ও দীর্ঘস্থায়ী সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে এটি আবেগীয় বুদ্ধিমত্তারও গুরুত্বপূর্ণ প্রকাশ।
হার্ভার্ড মেডিকেল স্কুলের মনস্তত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ডা. রোনাল্ড সিগেলের মতে, কোনো বিরোধের পর কে বেশি দায়ী, তা নিয়ে ভাবতে গিয়ে অনেকে নিজের ভুল বা ভূমিকা বুঝতে পারেন না। অথচ সম্পর্কের বন্ধন পুনর্গঠনের জন্য নিজের অবস্থান বোঝার পাশাপাশি অপর ব্যক্তির কষ্ট ও অনুভূতিকেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। কে ঠিক আর কে ভুল, সেই হিসাবের বাইরে গিয়ে অন্যের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করতে হবে।
ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি মেডিকেল স্কুলের প্রয়াত মনোরোগ বিশেষজ্ঞ ও ক্ষমা বিষয়ে গবেষক ডা. অ্যারন লাজারে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার চারটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন।
নিজের ভুলের দায় স্বীকার করা
ক্ষমা চাওয়ার প্রথম শর্ত হলো নিজের ভুলের দায়িত্ব নেওয়া। নিজের আচরণে অন্য ব্যক্তি যে কষ্ট পেয়েছেন, তা স্পষ্টভাবে স্বীকার করতে হবে। অস্পষ্ট কথা বলা কিংবা কোনোভাবে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে ক্ষমা প্রার্থনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
পরিস্থিতি ব্যাখ্যা করা, অজুহাত নয়
কেন ভুলটি হয়েছে, তা সংক্ষেপে ব্যাখ্যা করা যেতে পারে। তবে সেই ব্যাখ্যাকে কোনোভাবেই অজুহাত হিসেবে দাঁড় করানো উচিত নয়। কাজের চাপ, ব্যক্তিগত সমস্যা কিংবা অন্য কোনো পরিস্থিতি খারাপ আচরণের বৈধতা দেয় না। তাই নিজের আচরণের পক্ষে অজুহাত নেই—এ বিষয়টি স্পষ্ট রাখা জরুরি।
অনুশোচনা প্রকাশ করা
ভুলের কারণে অপর ব্যক্তি মানসিকভাবে কষ্ট পেয়ে থাকলে তার জন্য আন্তরিক দুঃখ ও অনুতাপ প্রকাশ করতে হবে। এতে বোঝা যায়, ক্ষমা চাওয়াটি কেবল বিব্রতকর পরিস্থিতি এড়ানোর চেষ্টা নয়; বরং নিজের আচরণ সম্পর্কে প্রকৃত উপলব্ধি থেকে এসেছে।
ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা
শুধু দুঃখ প্রকাশ করেই দায়িত্ব শেষ হয় না। নিজের আচরণে অন্য কারও ক্ষতি হয়ে থাকলে তা সংশোধনের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এমন আচরণ যেন আর না ঘটে, সে বিষয়ে সচেতন থাকার প্রতিশ্রুতিও দেওয়া যেতে পারে।
ক্ষমা চাওয়ার ভাষা যেমন হওয়া উচিত
ক্ষমা চাওয়ার সময় শব্দ ও বাক্য ব্যবহারের বিষয়টিও গুরুত্বপূর্ণ। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ‘আমার ব্যবহারের জন্য আমি সত্যিই দুঃখিত। অফিসে কাজের চাপ ছিল, কিন্তু সেই কারণে তোমার সঙ্গে এমন আচরণ করা আমার উচিত হয়নি।’ এ ধরনের বক্তব্যে নিজের ভুলের দায় স্বীকারের পাশাপাশি ঘটনার পেছনের পরিস্থিতিও ব্যাখ্যা করা হয়।
অন্যদিকে, ‘যা হওয়ার হয়ে গেছে’ কিংবা ‘তুমি যদি এতটা সংবেদনশীল না হতে’—এ ধরনের মন্তব্য আন্তরিক ক্ষমা প্রার্থনার বিপরীত। এসব কথায় অপর ব্যক্তির অনুভূতিকে ছোট করা হয় এবং নিজের দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা প্রকাশ পায়। ফলে সম্পর্কের দূরত্ব কমার পরিবর্তে আরও বাড়তে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার মূল বিষয় হলো নিজের ভুলের দায়িত্ব নেওয়া, অন্যের অনুভূতির প্রতি সম্মান দেখানো এবং নিজের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা। অহংকার ও আত্মপক্ষ সমর্থনের প্রবণতা থেকে বেরিয়ে এসে এসব বিষয় অনুসরণ করলে সম্পর্কের পারস্পরিক আস্থা ও সম্মান পুনর্গঠনে সহায়তা পাওয়া যেতে পারে।
১২৮ বার পড়া হয়েছে