প্রশিক্ষণে অংশ নিতে পাকিস্তান গেলেন ৩৪ সরকারি কর্মকর্তা
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৯:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
পাকিস্তানের লাহোরে দুই সপ্তাহের নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা দেশটিতে গেছেন। তাঁদের মধ্যে অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন।
পাকিস্তানের লাহোরে অবস্থিত ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) দুই সপ্তাহের ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম’-এ অংশ নিচ্ছেন বাংলাদেশের ৩৪ জন সরকারি কর্মকর্তা। রোববার পাকিস্তানের উদ্দেশে ঢাকা ছাড়েন তাঁরা।
ঢাকায় পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কর্মকর্তাদের বিদায় জানাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
এর আগে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন হাইকমিশনার। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এই প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইমরান হায়দার পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা এবং জনপ্রশাসনে সহযোগিতা বাড়াতে দুই দেশের নেতাদের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকারের বিষয়টি তুলে ধরেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের কথাও উল্লেখ করেন।
হাইকমিশনার বলেন, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল শাসনব্যবস্থার মতো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দারের ২০২৫ সালের আগস্টে ঢাকা সফরের সময় ঘোষিত ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর’-এর বিষয়টিও তুলে ধরেন হাইকমিশনার। তিনি জানান, ২০২৬ সালে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন। আরও ২০ জন শিক্ষার্থী শিগগিরই সেখানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া চলতি বছরের শুরুতে ১২ জন জ্যেষ্ঠ বাংলাদেশি সরকারি কর্মকর্তা প্রথম ব্যাচ হিসেবে এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করেছেন বলে জানান তিনি। বর্তমান ৩৪ সদস্যের প্রতিনিধিদলটি এ কর্মসূচির দ্বিতীয় ব্যাচ। তাঁর মতে, এটি দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির ধারাবাহিকতার প্রতিফলন।
১৪৫ বার পড়া হয়েছে