গোপালগঞ্জে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারিচালিত ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে মায়ের কোল থেকে ছিটকে পড়ে এক মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুরপালা এলাকায় ঘটে এই দুর্ঘটনা। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর নাম রিফাত বালি। সে বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আমবৈলা গ্রামের বাসিন্দা মোস্তাফিজুর রহমান বালির ছেলে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে সন্তানকে নিয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে পূর্ণবর্তী গ্রামে নিজ বাবার বাড়িতে ফিরছিলেন মা রিয়া মনি। কুরপালা এলাকায় পৌঁছালে ভ্যানের চাকার সাথে রিয়া মনির বোরকা পেঁচিয়ে যায়। এতে সন্তানসহ তিনি সড়কে ছিটকে পড়েন।
ঠিক তখনই পিছন থেকে আসা একটি দ্রুতগামী ইজিবাইক শিশু রিফাতকে চাপা দিয়ে চলে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শিশুর বাবা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১২০ বার পড়া হয়েছে