নুসুক অ্যাপে বিনা খরচে ওমরাহ করার সুযোগ
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ওমরাহ পালনে আগ্রহীদের জন্য বিনা খরচে ওমরাহ প্যাকেজ জেতার সুযোগ দিচ্ছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ অ্যাপের মাধ্যমে কুইজ ও লটারিতে অংশ নিয়ে এই সুযোগ পাওয়া যাবে। প্রতিদিন নির্বাচিত একজন বিজয়ী নিজের সঙ্গে আরও একজনকে বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিতে পারবেন।
পবিত্র ওমরাহ পালনের ইচ্ছা থাকলেও আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকের পক্ষে তা সম্ভব হয় না। এমন আগ্রহীদের জন্য বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নুসুক অ্যাপের মাধ্যমে এ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের বিনা খরচে ওমরাহ পালনের প্যাকেজ জেতার সুযোগ রয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। নভেম্বর মাসের প্রতিদিন কুইজ ও লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
বিজয়ীদের ওমরাহ পালনের জন্য প্রয়োজনীয় নির্ধারিত সব খরচ বহন করবে সৌদি সরকার। প্যাকেজের মধ্যে রয়েছে নিজ দেশ থেকে সৌদি আরবে যাওয়া-আসার বিমান টিকিট, ওমরাহ ভিসা প্রক্রিয়াকরণ এবং পবিত্র মক্কা ও মদিনায় ১০ রাত হোটেলে থাকার ব্যবস্থা।
এ প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ হলো, প্রত্যেক বিজয়ী নিজের সঙ্গে পরিবারের একজন সদস্য অথবা পছন্দের অন্য একজনকে বিনা খরচে ওমরাহ পালনের জন্য নিয়ে যেতে পারবেন। অর্থাৎ প্রতিদিন একজন বিজয়ী নির্বাচিত হলেও তাঁর সঙ্গে আরও একজন এই সুবিধা পাবেন।
ওমরাহ প্যাকেজ ছাড়াও প্রতিদিন লটারির মাধ্যমে আরও ১০ জনকে দেওয়া হবে জমজমের পানির বিশেষ কার্ড। প্রতিটি কার্ডে থাকবে ২০টি কুপন। এর মধ্যে ১০টি নিজের ব্যবহারের জন্য এবং বাকি ১০টি অন্যদের উপহার দেওয়ার জন্য ব্যবহার করা যাবে।
যেভাবে অংশ নেবেন প্রতিযোগিতায়
বিশ্বের বিভিন্ন দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী মুসলমানরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এ জন্য প্রথমে স্মার্টফোনে নুসুকের অফিশিয়াল অ্যাপ নামিয়ে নিবন্ধন করতে হবে।
নিবন্ধনের সময় নিজের নাম, ইমেইল ঠিকানা, দেশ এবং পাসপোর্টসংক্রান্ত তথ্য দিতে হবে। এরপর ইমেইলে পাঠানো এককালীন পাসওয়ার্ড বা ওটিপি কোডের মাধ্যমে অ্যাকাউন্ট যাচাই করতে হবে।
নিবন্ধন সম্পন্ন হলে অ্যাপের ‘গেম সেন্টার’ অথবা ‘নুসুক চ্যালেঞ্জ’ বিভাগে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে। সেখানে ইসলামি ইতিহাস, পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন এবং ওমরাহসংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশ্ন থাকবে। সঠিক উত্তরদাতাদের নাম প্রতিদিনের লটারির তালিকায় যুক্ত হবে।
এ ছাড়া আমন্ত্রণ কোডের মাধ্যমে বন্ধু বা পরিবারের সদস্যদের প্রতিযোগিতায় যুক্ত করলে অতিরিক্ত ডিজিটাল চাবি পাওয়ার সুযোগ রয়েছে। এসব চাবি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বাড়তি সুযোগ তৈরি করবে।
অংশগ্রহণে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
প্রতিযোগিতায় অংশ নিতে নুসুকের অফিশিয়াল অ্যাপ ও যাচাইকৃত মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নিবন্ধন সম্পন্ন করা কিংবা কুইজে অংশ নেওয়ার অর্থ ওমরাহ প্যাকেজ নিশ্চিত হওয়া নয়। প্রতিদিন লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। তাই অংশগ্রহণকারীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রতিযোগিতায় অংশ নিতে হবে।
১৩০ বার পড়া হয়েছে