জামালপুর সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৯:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সোয়া ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করেছে ৩৫ বিজিবি। রোববার দিবাগত রাতে মোল্লারচর বিওপির একটি দল সীমান্ত এলাকা থেকে এসব চোরাই পণ্য উদ্ধার করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন মোল্লারচর বিওপির একটি টহল দল সীমান্ত সংলগ্ন ১০৬২ পিলারের কাছে বেহুলারচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে বিপুল পরিমাণ কসমেটিকস পণ্য অবৈধ পথে বাংলাদেশে আনার চেষ্টা করছে।
অভিযান চলাকালে সীমান্ত এলাকা থেকে মোট ১ হাজার ১১০ পিস বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় কসমেটিকস জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত এসব কসমেটিকস পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩০ হাজার টাকা বলে বিজিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
ঘটনার পর সোমবার সকালে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
১৩২ বার পড়া হয়েছে