দুবাইয়ে চালু হলো বিনা খরচে ‘ওয়ার্ক ফ্রম পার্ক’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
অফিস কিংবা বাসার বাইরে প্রকৃতির সান্নিধ্যে বসে কাজ করার সুযোগ তৈরি করেছে দুবাই। শহরটিতে চালু হয়েছে প্রথম ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা। আধুনিক কর্মপরিবেশের পাশাপাশি থাকছে বিনা মূল্যে কাজের জায়গা, উচ্চগতির ইন্টারনেট ও প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা।
অফিসের চার দেয়ালে বসে কাজের একঘেয়েমি কিংবা ঘরে বসে কাজের ক্লান্তি কাটাতে নতুন এই উদ্যোগ নিয়েছে দুবাই। লেকের শান্ত পরিবেশ ও সবুজের মাঝে বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে পারবেন নাগরিক ও পর্যটকেরা।
গত সোমবার (২ নভেম্বর) দুবাইয়ের জনপ্রিয় আল বারশা পন্ড পার্কে ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুবাই মিউনিসিপ্যালিটির সঙ্গে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে নমনীয় কর্মক্ষেত্র ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘লেটসওয়ার্ক’ এবং নির্মাণকারী প্রতিষ্ঠান ‘গ্রুপ আমানা’।
বিনা মূল্যে কাজের সুযোগ
এই উদ্যোগের অন্যতম আকর্ষণ হলো কোনো ধরনের ভাড়া ছাড়াই প্রকৃতির মাঝে কাজ করার সুবিধা। পার্কের ভেতরে, ছাদে কিংবা নির্ধারিত বিভিন্ন বসার জায়গায় নাগরিক ও পর্যটকেরা বিনা মূল্যে কাজ করতে পারবেন।
এ জন্য আগাম বুকিং বা কোনো ধরনের অর্থ পরিশোধের প্রয়োজন হবে না। ফলে অফিসের বাইরে বিকল্প কর্মপরিবেশ খুঁজছেন, এমন ব্যক্তিদের জন্য এটি নতুন সুযোগ তৈরি করবে।
থাকছে আধুনিক প্রযুক্তিগত সুবিধা
খোলা পরিবেশে নির্বিঘ্নে কাজের জন্য পার্কে রাখা হয়েছে উচ্চগতির ওয়াই-ফাই সংযোগ। পাশাপাশি ল্যাপটপ ও মুঠোফোন চার্জ দেওয়ার জন্য রয়েছে পর্যাপ্ত বৈদ্যুতিক সংযোগ।
দুবাইয়ের উষ্ণ আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে বাইরে শীতলীকরণ ব্যবস্থা ও আবহাওয়া সহনশীল আসবাবপত্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া শীতাতপনিয়ন্ত্রিত পরিবেশে কাজ করতে আগ্রহীদের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে আধুনিক অভ্যন্তরীণ কর্মক্ষেত্র।
যেভাবে বুকিং দেওয়া যাবে
‘লেটসওয়ার্ক’-এর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পছন্দের কর্মক্ষেত্র বুক করা যাবে। এ জন্য যোগাযোগের নম্বর +৯৭১ ৪ ৫৮১ ৩৬৫২।
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ ও বিনোদন
উদ্যোক্তাদের মতে, এই উদ্যোগ শুধু কাজের জায়গা তৈরির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সুস্থ জীবনযাপন ও পেশাগত যোগাযোগ বাড়ানোরও একটি মাধ্যম। এর ফলে পেশাজীবীরা ভার্চুয়াল যোগাযোগের বাইরে সরাসরি দেখা করে নিজেদের কর্মক্ষেত্রের নেটওয়ার্ক সম্প্রসারণ করতে পারবেন।
কাজের বিরতিতে ফুটবল ও টেনিস খেলার জন্য থাকছে বিশেষ কমিউনিটি ক্লাবের সুযোগ। পাশাপাশি অভিভাবকেরা সন্তানদের পার্কে খেলতে দিয়ে কাছাকাছি বসে নিজেদের কাজ করতে পারবেন। সব মিলিয়ে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য তৈরির নতুন সুযোগ দিচ্ছে দুবাইয়ের এই উদ্যোগ।
১৩৭ বার পড়া হয়েছে