সর্বশেষ

জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট আবেদন বিষয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার খবর খতিয়ে দেখছে সরকার। আবেদনটি আদৌ করা হয়েছে কি না, এর আইনগত ভিত্তি কী এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে তিনি আবেদন করার অধিকার রাখেন কি না, তা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে তিনিও শুনেছেন এবং সংবাদমাধ্যমের স্ক্রল নিউজে দেখেছেন। তবে আবেদন করার বিষয়টি এখনো যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তাঁর কাছে নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় পর্যালোচনা করছে। আবেদন যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে কি না, আদৌ আবেদন জমা দেওয়া হয়েছে কি না, এর আইনগত ভিত্তি কী এবং শেখ হাসিনার আবেদন করার অধিকার রয়েছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইনসহ সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান বিবেচনায় নেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত জানাবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি বর্তমানে যে দেশে অবস্থান করছেন, সেই দেশের কাছে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি দেওয়া হয়েছে।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। এ উদ্দেশ্যে তাঁর আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে চিঠি পাঠিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক আবেদন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার আইনজীবীরা তাঁর বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী ডিসেম্বর মাসে তিনি দেশে ফিরতে চান বলেও তাঁদের দাবি।

তবে গত ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

এর আগে গত ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০