জহুরুল ইসলাম সিটি সোসাইটির নির্বাচন নিয়ে তদন্ত কমিটি
ভোটার তালিকা, নির্বাচন কমিশন ও তফসিল নিয়ে অভিযোগ খতিয়ে দেখবে সমাজসেবা অধিদপ্তর
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ১০:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
জহুরুল ইসলাম সিটি সোসাইটির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ ঘিরে ভোটার তালিকায় অনিয়ম, গঠনতন্ত্রবহির্ভূতভাবে নির্বাচন কমিশন গঠন এবং সরকারি ও বিচারিক নির্দেশনা অমান্য করে নির্বাচনী তফসিল ঘোষণার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। অভিযোগের সত্যতা যাচাই করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, আফতাবনগর, ঢাকার কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সমাজসেবা অধিদপ্তর। ভোটার তালিকায় অনিয়ম, গঠনতন্ত্রবহির্ভূতভাবে নির্বাচন কমিশন গঠন এবং সরকারি ও বিচারিক নির্দেশনা অমান্য করে নির্বাচনী তফসিল ঘোষণার অভিযোগের সত্যতা যাচাই করবে কমিটি।
সমাজসেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা থেকে ৮ নভেম্বর এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। অধিদপ্তরের পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান স্বাক্ষরিত ওই আদেশে অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
এর আগে ৫ নভেম্বর এইমাত্র অনলাইন নিউজ পোর্টালে ‘প্রভাব খাটিয়ে কমিটি গঠন ও নির্বাচন নিয়ন্ত্রণের অভিযোগ, জহুরুল ইসলাম সিটি সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্ক, ভুয়া ভোটার বাদ দিয়ে অন্তর্বর্তী কমিটির দাবি’ শিরোনামে একটি তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে ভোটার তালিকা, নির্বাচন পরিচালনা এবং সোসাইটির কার্যক্রম নিয়ে সদস্যদের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
সমাজসেবা অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, আসন্ন কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রকাশিত ভোটার তালিকায় একই প্লটে একাধিক ভোটার অন্তর্ভুক্তি, অপ্রমাণিত ক্ষমতাপত্রের ভিত্তিতে ভোটার করা এবং বিক্রি হয়ে যাওয়া প্লটের মালিকদের ভোটার তালিকায় বহাল রাখার অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া গঠনতন্ত্রের বিধান অনুসরণ না করে একতরফাভাবে নির্বাচন কমিশন গঠন এবং সরকারি ও বিচারিক নির্দেশনা অমান্য করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রকৃত সত্যতা নিরূপণ এবং পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তদন্ত কমিটি গঠন করেছে অধিদপ্তর।
সমাজসেবা অধিদপ্তরের আদেশ অনুযায়ী তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে সদর কার্যালয়ের শৃঙ্খলা-তদন্ত ও আইন-বিধি শাখার উপপরিচালক শেখ খলিল আল রশিদকে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন সদর কার্যালয়ের সহকারী পরিচালক (সামাজিক নিরাপত্তা) মোহাম্মদ সাইফুর রহমান এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখার সমাজসেবা অফিসার নাছির উদ্দিন।
তদন্ত কমিটিকে সরেজমিন পরিদর্শনের পাশাপাশি সোসাইটির সংশ্লিষ্ট নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে বলা হয়েছে। এর মধ্যে ভোটার তালিকা, প্লটের মালিকানা-সংক্রান্ত দলিল, সোসাইটির অনুমোদিত গঠনতন্ত্রসহ সংশ্লিষ্ট নথি রয়েছে।
অভিযোগের সত্যতা যাচাই করে সুস্পষ্ট মতামতসহ তদন্ত প্রতিবেদন ৭ কার্যদিবসের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের পরিচালকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগের সত্যতা যাচাইয়ের অপেক্ষা
সরকারি এই তদন্ত কমিটি গঠনের ফলে জহুরুল ইসলাম সিটি সোসাইটির নির্বাচন ঘিরে উত্থাপিত অভিযোগগুলো এখন প্রশাসনিকভাবে যাচাইয়ের আওতায় এসেছে। ভোটার তালিকা, নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনী তফসিল নিয়ে ওঠা অভিযোগের প্রকৃত সত্যতা তদন্ত শেষে স্পষ্ট হবে।
সমাজসেবা অধিদপ্তরের আদেশে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযোগগুলোকে সত্য হিসেবে ধরে নেওয়ার কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। বরং সংশ্লিষ্ট নথি যাচাই ও সরেজমিন তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা নিরূপণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে