লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ ৯:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির কারণে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে দুই পুরুষ ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা এলাকার মানছুরা বেগম, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বাসিন্দা ৬৫ বছর বয়সী বাবুল এবং রামগতি উপজেলার যুবক আশিক। নিহত মানছুরা বেগমের স্বামী ছিদ্দিকুর রহমানও এ দুর্ঘটনায় আহত হয়েছেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিদের মধ্যে আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগম রয়েছেন। মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত নিয়ে তাঁদের হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। পথে বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করা সত্ত্বেও চালক গতি কমাননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় বাসটি উল্টে যায়।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে লক্ষ্মীপুরগামী নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের বাসটি চরচামিতা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় এসেছেন অন্তত ১৫ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
১২৬ বার পড়া হয়েছে