ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা: কড়া নজরদারির নির্দেশ
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১০:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও আসন্ন কালীপূজায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে অপরাধ দমনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সম্প্রতি দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান। একইসঙ্গে আসন্ন কালীপূজাতেও কড়া নজরদারি অব্যাহত রাখার নির্দেশ দেন, যাতে কোনো দুষ্কৃতিকারী অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
বিশেষ করে সীমান্তবর্তী ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলায় অপরাধ প্রতিরোধে আনসার ও ভিডিপির প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের কাজে লাগিয়ে একটি কার্যকর তথ্য সংগ্রহের নেটওয়ার্ক গড়ে তোলার আহ্বান জানানো হয়। বিজিবির পাশাপাশি পুলিশ, ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সমন্বিতভাবে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেওয়া হয়।
জেলা প্রশাসক এককভাবে সফলতা দেখানোর মানসিকতা পরিহার করে টাস্কফোর্সের সক্রিয় ভূমিকা ও আন্তঃদপ্তর সহযোগিতার মাধ্যমে সীমান্ত দিয়ে চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের পরামর্শ দেন।
উক্ত মাসিক সভায় ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২৯ বার পড়া হয়েছে