সমবায় আন্দোলন ছাড়া আত্মনির্ভরশীলতা সম্ভব নয়: রিজভী
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
কৃষিপ্রধান বাংলাদেশকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলতে দেশজুড়ে সমবায় আন্দোলন আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সমবায়ভিত্তিক উদ্যোগ ছড়িয়ে দেওয়া গেলে শিক্ষা, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দারিদ্র্য দূর করাও সম্ভব।
রোববার (৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ি (জোড়া পাম্প) এলাকার কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া গেলে কোনো নাগরিক নিরক্ষর থাকতেন না। সবার জন্য শিক্ষা, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাও সম্ভব হতো।
তিনি বলেন, বাংলাদেশ মূলত কৃষিপ্রধান দেশ। কৃষির বিকাশ ও আত্মনির্ভরশীলতা অর্জনের পথ সমবায় আন্দোলনের মধ্য দিয়েই খুঁজে পাওয়া সম্ভব। কালীগঞ্জে সমবায় কার্যক্রমের যে ধারা রয়েছে, তা সারা দেশে আরও বিস্তৃত করা প্রয়োজন।
সমবায় দিবসের আয়োজনকে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে কাজ করা গেলে ক্ষুধা ও দারিদ্র্য দূর করে নিজেদের পায়ে দাঁড়ানো সম্ভব।
সমবায়ের মাধ্যমে বৈষম্য দূর করার আহ্বান
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন। আরও উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক অগ্রগতি, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমানোর ওপর গুরুত্ব দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, কালবের চেয়ারম্যান আগস্টিক পিউরিফিকেশন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আরমান হোসেন মাস্টার এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান।
এ ছাড়া স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সমবায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
১৩১ বার পড়া হয়েছে