সোমবার শুরু হচ্ছে সংসদের চতুর্থ অধিবেশন, চলবে ১০ কার্যদিবস
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১১:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায়। সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে আহ্বান করা এই অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে পাঁচ থেকে ছয়টি বিল উত্থাপন ও সেগুলোর ওপর আলোচনা হতে পারে। অধিবেশনটি আগামী ২০ নভেম্বর পর্যন্ত চলতে পারে।
সংবিধান অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়। সেই বাধ্যবাধকতা পূরণেই মূলত চতুর্থ অধিবেশন বসছে।
গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন। এরই মধ্যে অধিবেশন আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জাতীয় সংসদ সচিবালয়। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, অধিবেশনটি মোট ১০ কার্যদিবস চলতে পারে।
চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, এবারের অধিবেশন সংক্ষিপ্ত হবে। এতে পাঁচ থেকে ছয়টি বিল আসতে পারে। এসব বিলের ওপর সংসদে আলোচনা হবে।
আগামী জানুয়ারিতে নতুন অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় বর্তমান অধিবেশনের সময় কম রাখা হচ্ছে। প্রচলিত নিয়ম অনুযায়ী, প্রতিবছর জানুয়ারিতে সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সে হিসাবে ২০২৭ সালের প্রথম অধিবেশন আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে।
এদিকে, অধিবেশনের প্রথম দিনই জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে চতুর্থ অধিবেশনের কার্যদিবসের সংখ্যা ও বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, এবারের অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ এবং সাধারণ আলোচনার বিষয়গুলো গুরুত্ব পাবে। এ ছাড়া পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে বিরোধী দলের পক্ষ থেকে চলমান কোনো গুরুত্বপূর্ণ বা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সাধারণ আলোচনার প্রস্তাব দেওয়া হলে, তা নিয়েও আলোচনার জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা হতে পারে।
তবে বহুল আলোচিত সংবিধান সংশোধনের প্রস্তাব এবারের অধিবেশনে উত্থাপন করা হচ্ছে না। এ বিষয়ে সংবিধান সংশোধন বিশেষ কমিটি বর্তমানে প্রস্তাব তৈরির কাজ করছে। আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদের পঞ্চম অধিবেশনে প্রস্তাবটি উপস্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
১২৩ বার পড়া হয়েছে