গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বর্ণাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে গোপালগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “করবো সমবায়, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত সভায় প্রশাসনের কর্মকর্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরেন।
রবিবার সকালে জেলা শহরের সরকারি সমন্বিত অফিস চত্ত্বরে সমবেত হয়ে উদ্বোধনী আয়োজনের সূচনা করা হয়। জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এরপর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে আয়োজিত প্রাঙ্গণে সমবায়ীদের উৎপাদিত হরেক পণ্যের সমন্বয়ে তৈরি প্রদর্শনী স্টলসমূহ ঘুরে দেখেন আমন্ত্রিত অতিথিরা।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: হাবিবুল্লাহ এবং জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান। বক্তারা উল্লেখ করেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের শক্তি অপরিসীম। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সমবায়ভিত্তিক নতুন নতুন উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।
একই দিনে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটির শুভসূচনা ঘটে। টুঙ্গিপাড়ার কর্মসূচিতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এতে স্থানীয় বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
১০৯ বার পড়া হয়েছে