মুন্সীগঞ্জে ১৫১ মিটার দীর্ঘ কুন্ডের বাজার সেতুর নির্মাণকাজ শুরু
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১১:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বহুল প্রতীক্ষিত ১৫১ মিটার দৈর্ঘ্যের কুন্ডের বাজার সেতুর পাইলিং ও নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম প্রধান অতিথি হিসেবে এই উন্নয়নকাজের সূচনা করেন। সেতুটি নির্মিত হলে এই অঞ্চলের সড়ক যোগাযোগ এবং সার্বিক আর্থসামাজিক চিত্রে ব্যাপক পরিবর্তন আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আবদুল্লাহ, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো উপস্থিত ছিলেন। এ ছাড়াও মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এতে অংশ নেন।
১৫১ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হলে টঙ্গীবাড়ী, লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বাসিন্দারা সরাসরি সুফল পাবেন। রাজধানী ঢাকা এবং মুন্সীগঞ্জ জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ অনেক সহজ ও সময়সাশ্রয়ী হয়ে উঠবে।
স্থানীয়রা আশা করছেন, সেতুটির বাস্তবায়ন সম্পন্ন হলে কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন নাগরিক সুবিধা সহজে মেলাসহ কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি হবে।
১৩৪ বার পড়া হয়েছে