দিনাজপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জেলা বিএনপি। শনিবার বিকেলে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি এবং বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচীটি এক উৎসবমুখর সমাবেশে পরিণত হয়।
দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের দুই নম্বর গেটের সামনে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সভায় তিনি দেশের রাজনৈতিক ঐক্য ও ঐতিহাসিক চেতনার গুরুত্ব তুলে ধরেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলামসহ জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়ে নেতাকর্মীরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। কর্মসূচিতে যুবদল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
এ ছাড়া দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ড এবং জেলার ১০টি ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে শোভাযাত্রাটি রাজপথে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
১৮২ বার পড়া হয়েছে