শরীয়তপুরে এনসিটিএফ সদস্যদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ২:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শরীয়তপুরে জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) জেলা কমিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শিশু অধিকার রক্ষা, সাংবাদিকতা ও গবেষণা বিষয়ে মোট ২০ জন শিশু সদস্যকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় জীবনতরী মুক্ত স্কাউট ডেনে আয়োজিত এই কর্মশালায় জেলা পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাকসুদা খাতুন। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এখন টেলিভিশনের প্রতিবেদক কাজী মনিরুজ্জামান মনির এবং চিত্রসাংবাদিক মো. সজিব খান। পুরো আয়োজনটি পরিচালনায় সহযোগিতা করেন চাইল্ড পার্লামেন্ট সদস্য স্নিগ্ধা আফরোজ।
দিনব্যাপী এই কর্মশালায় শিশু সাংবাদিকতা, শিশু গবেষণা, ফটোগ্রাফি এবং অ্যাডভোকেসি ও ক্যাম্পেইন—এই চারটি মূল বিষয়ে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়। শিশু সাংবাদিকতা সেশনে সংবাদ সংগ্রহ ও গণমাধ্যমে শিশুদের সমস্যা তুলে ধরার উপায় শেখানো হয়।
একইসঙ্গে ছবি তোলার কৌশল, সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও গবেষণার মাধ্যমে তা সমাধানের ওপর আলোকপাত করা হয়। আয়োজকরা আশা ব্যক্ত করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও শিশু অধিকার বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে।
১০৯ বার পড়া হয়েছে