আলোয় ভাসল কলাপাড়ার মহাশ্মশান, শ্রদ্ধা ও প্রার্থনায় শ্মশান দীপাবলি পালিত
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পটুয়াখালীর কলাপাড়ায় সাড়ম্বরে পালিত হয়েছে ঐতিহ্যবাহী শ্মশান দীপাবলি উৎসব। শনিবার সন্ধ্যায় প্রিয়জনদের স্মরণে কলাপাড়ার বিভিন্ন মহাশ্মশানে মোমের আলো জ্বেলে প্রার্থনায় অংশ নেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। উলুধ্বনি ও কাঁসরের শব্দে শ্মশানপ্রাঙ্গণে তৈরি হয় এক পরম ভাবগাম্ভীর্যপূর্ণ আবহাওয়া।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কলেজ রোডের কেন্দ্রীয় মহাশ্মশান ঘাট ও চিংগড়িয়া শ্মশান ঘাটসহ আশপাশের বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ উদযাপনের আয়োজন করা হয়। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই পরলোকগত স্বজনদের স্মৃতিতে প্রদীপ ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্বজনেরা।
পূজা-অর্চনাকে কেন্দ্র করে শ্মশান চত্বরে ঢাকঢোলের বাদ্য, কাঁসর ঘণ্টা এবং ভক্তিমূলক গানের আবহ তৈরি হয়। এ সময় পরলোকগত আত্মীয়দের আত্মার শান্তির পাশাপাশি দেশ ও সমগ্র জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। শ্মশানের সামনে বাহারি প্রসাদ ও উপাচারের পসরা সাজিয়ে ভক্তরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে পুরোহিত বাবলু চক্রবর্তী জানান, প্রতি বছর কার্তিক মাসের বিশেষ এই তিথিতে পরলোকগমনকারী স্বজনদের স্মরণে শ্মশানে সমবেত হওয়ার প্রাচীন রীতি রয়েছে। বিদেহী আত্মার শান্তি ও মুক্তির উদ্দেশ্যেই বংশপরম্পরায় এই বিশেষ প্রার্থনা চলে আসছে।
১১৪ বার পড়া হয়েছে