প্রদীপ ও মোমবাতির আলোয় গোপালগঞ্জে উদযাপিত হলো মহাশ্মশান দীপাবলী
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৪:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গোপালগঞ্জে প্রদীপ ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী মহাশ্মশান দীপাবলী ও ভূত চতুর্দশী উদযাপিত হয়েছে। শনিবার সন্ধ্যায় গোপালগঞ্জ পৌর মহাশ্মশানসহ বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীরা প্রদীপ জ্বালিয়ে প্রয়াত স্বজনদের স্মরণ করেন। এ উৎসবকে কেন্দ্র করে সমগ্র শ্মশান এলাকায় এক আলোকোজ্জ্বল পরিবেশের সৃষ্টি হয়।
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মৃত ব্যক্তিদের আত্মা প্রেতলোক থেকে মর্ত্যলোকে আগমন করে। এই উপলক্ষে গোপালগঞ্জ পৌর মহাশ্মশানে বিশেষ কালী পূজার আয়োজন করা হয়। ভক্তরা নিজ নিজ প্রিয়জনের সমাধিতে গিয়ে প্রদীপ ও মোমবাতি প্রজ্বলন করে তাঁদের আত্মার শান্তিকামনা করেন।
উৎসবের আবহে শ্মশান প্রাঙ্গণে আয়োজিত প্রার্থনায় অংশ নেন নানা বয়সের মানুষ। অনুষ্ঠানে সমবেত ভক্তরা দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি অশুভ শক্তি দূরীকরণে ঈশ্বর-আরাধনায় ব্রত হন। একই সঙ্গে মহাশ্মশান চত্বরে ভক্তিমূলক গান ও ধর্মীয় আচার-অনুষ্ঠান উদযাপিত হয়।
গোপালগঞ্জ পৌর মহাশ্মশান কালী মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, ঐতিহ্য বজায় রেখে প্রতি বছরের মতো এবারও আলোকসজ্জা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ দিনটি পালিত হয়েছে। স্থানীয় প্রবীণ ও পুরোহিতদের মতে, এ আলোর উৎসবে অন্ধকার দূর হয়ে মানবসমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ে।
১১৩ বার পড়া হয়েছে