আলোর মালায় সেজেছে খুলনা: উৎসবমুখর পরিবেশে দীপাবলি ও শ্যামাপূজা উদযাপিত
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দীপাবলি ও শ্যামাপূজা উপলক্ষে আলোর মালায় সেজে উঠেছে খুলনা। আনন্দঘন পরিবেশে অশুভ শক্তি বিনাশ আর শুভ শক্তির বিজয়ের প্রার্থনায় মাতোয়ারা হয়েছেন খুলনার সনাতন ধর্মাবলম্বীরা।
সন্ধ্যা নামার সাথে সাথেই পুরো খুলনা মহানগরী রূপ নেয় এক মায়াবী আলোর নগরীতে। ঘরবাড়ির আঙিনা, ছাদ ও দুয়ার সাজানো হয় মাটির প্রদীপ, মোমবাতি এবং রঙিন মরিচবাতিতে। মণ্ডপে মণ্ডপে ভক্তরা ঈশ্বরীর চরণে অঞ্জলি দিয়ে করজোড়ে পৃথিবীর যাবতীয় অশুভ শক্তি দূর করার আকুতি জানান।
নগরীর কালীবাড়ি মন্দির, ঐতিহ্যবাহী আর্য্য ধর্মসভা মন্দির, উমানন্দ শিব মন্দির, শিববাড়ি কালী মন্দির ও রূপসা মহাশ্মশানসহ বিভিন্ন স্থানে জাঁকজমকপূর্ণ ধর্মীয় পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া সিটি ব্যাংক গলি, প্রেসক্লাব গলি ও বেনী বাবু রোডের বিভিন্ন সামাজিক ও পূজা উদযাপন কমিটি বর্ণাঢ্য আয়োজন করেছে।
পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, চলতি বছর খুলনা জেলায় ২ হাজারের বেশি মন্দির ও মণ্ডপে শ্যামাপূজার আয়োজন করা হয়েছে। সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ।
১১২ বার পড়া হয়েছে