ফরিদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন বক্তারা।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে এ আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মো. বাকাহীদ হোসেন, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. সোহরাব হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল এবং ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।
এ ছাড়া সভায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও সাবেক জেলা আমির অধ্যাপক আবদুত তাওয়াব, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গী, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি গণতন্ত্র এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অখণ্ডতা ও সামগ্রিক স্বার্থ রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ঐক্যের ভিত্তিতে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
১১১ বার পড়া হয়েছে