জয়পুরহাটে ৭ নভেম্বরের সভায় ব্যানারে নেই জিয়ার ছবি, তোলপাড়
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ ১:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় সৃষ্টি হয় তীব্র ক্ষোভ ও উত্তেজনা। পরবর্তীতে অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করায় দ্বিতীয় দফায় হট্টগোল বাঁধে। এ ঘটনায় জেলা প্রশাসক প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী।
শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই বিতর্কিত আলোচনা সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই প্রধান অতিথি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী অনুষ্ঠানস্থলে পৌঁছালেও মূল ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষুব্ধ বিএনপি নেতা-কর্মীদের দাবিতে তিনি মঞ্চে ওঠেননি। পরবর্তীতে পোস্টার কসটেপ দিয়ে ব্যানারে টাঙানোর প্রায় আধা ঘণ্টা পর সভা শুরু হয়।
অনুষ্ঠান শুরু হওয়ার পর জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান বক্তব্য দেওয়ার সময় একাধিকবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করেন। এতে ক্ষিপ্ত হয়ে জেলা ছাত্রদলের সভাপতি একেএম গোলাম মাহফুজ শুভ মঞ্চের ডায়াসের দিকে তেড়ে যান এবং একপর্যায়ে মারুফ হাসানকে বক্তব্য দেওয়া থেকে সরিয়ে দেওয়া হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, মূল ব্যানারটি জেলা প্রশাসক আল-মামুন মিয়া নিজেই চূড়ান্ত করেছিলেন, যা ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছিল। ব্যানার নিয়ে সৃষ্ট ক্ষোভের প্রেক্ষাপটে বক্তব্য দিতে উঠে জেলা প্রশাসক আল-মামুন মিয়া উপস্থিত সবার সামনে দুঃখ প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব ও মাসুদ রানা প্রধান প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অভিযোগ তোলেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী পুরো ঘটনার ত্রুটি-বিচ্যুতি খতিয়ে দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন।
১২২ বার পড়া হয়েছে