হাম উপসর্গে ৬ মৃত্যু, নতুন শনাক্ত ১,৪০২
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১০:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০২ জন। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ১ হাজার ৩২৫ জন শনাক্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন আরও ৭৭ জন। সব মিলিয়ে নতুন শনাক্তের সংখ্যা ১ হাজার ৪০২।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে হাম উপসর্গে শনাক্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮। একই সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২৪ হাজার ১৫০ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬৪।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
১৪৫ বার পড়া হয়েছে