হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি ১,২৪৯
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জনে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৩১৫ জনের শরীরে।
দেশজুড়ে হাম ও হামের উপসর্গে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গের তথ্য পাওয়া গেছে ১ হাজার ৩১৫ জনের শরীরে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি চারজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৪৪ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে।
এ ছাড়া গত এক দিনে নতুন করে ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৯৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।
১৩৩ বার পড়া হয়েছে