নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: রিমান্ড শেষে এমপি পুত্র মিন্টু কারাগারে
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্যের ছেলে যুবদল নেতা নুরুজ্জামান মিন্টুকে দুই দফায় রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার শুনানি শেষে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ নিয়ে বহুল আলোচিত এই হত্যা মামলায় মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয় থেকে নুরুজ্জামান মিন্টুকে প্রথমে নাটোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষা সম্পন্ন করার পর তাকে গুরুদাসপুর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের এজলাসে হাজির করা হয়। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কড়া নিরাপত্তায় নাটোর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের বিষয়ে বিশদ তথ্য উদ্ধারের লক্ষ্যে মিন্টুকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ড চলাকালে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে, যা তদন্তের স্বার্থে যাচাই-বাছাই করা হচ্ছে।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরবর্তীতে ২৬ অক্টোবর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শাকিলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে একই দিন রাতে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টুকে আটক করে ডিবি পুলিশ। পরদিন তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রথম দফায় তিন দিন এবং পরবর্তীতে আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানিয়েছেন, ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলার তদন্ত কাজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পরিচালিত হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার ছাড়াও একটি মোটরসাইকেল জব্দ করা সম্ভব হয়েছে। এ ঘটনায় যুক্ত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
১২১ বার পড়া হয়েছে